রোনালদোর পাশেই আছেন জিদান
রিয়াল মাদ্রিদে এসেছেন প্রায় সাত বছর হতে চলল, কিন্তু এ রকম অভিজ্ঞতা এর আগে কখনো হয়নি। বার্নাব্যুতে টানা চার ম্যাচে গোল পাননি ক্রিস্টিয়ানো রোনালদো। তবে গোল না পাওয়ার চেয়েও বেদনা হয়ে বিঁধেছে দর্শকদের আচরণ। বিলবাওয়ের সঙ্গে ম্যাচে যে সমর্থকদের দুয়ো শুনতে হয়েছে। এই দুঃসময়ে তারকা স্ট্রাইকারের পাশে এসে দাঁড়িয়েছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
দেশের হয়ে ইউরো জিতে স্বপ্নের একটা মৌসুম শেষ করেছিলেন। কিন্তু নতুন মৌসুমে লা লিগায় ছয় ম্যাচে পেয়েছেন মাত্র দুই গোল। বিলবাওয়ের সঙ্গে ১১টি শট নিয়েও গোলের দেখা পাননি। ম্যাচের সময়ই তাই দর্শকদের দুয়ো শুনতে হয়েছে। ম্যাচের পরই অবশ্য সতীর্থরা রোনালদোর হয়ে মুখ খুলেছেন। রিয়ালকে জয় এনে দেওয়া আলভারো মোরাতা মনে করিয়ে দিয়েছেন, ‘সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমরাও চাই, সে অনেক গোল করুক। কিন্তু সে তো কোনো যন্ত্র নয়। মিস করার অধিকার তারও আছে।’
সতীর্থ মার্সেলোও রোনালদোর গোলখরা বড় করে দেখছেন না, ‘ক্রিস্টিয়ানো মাঠে যথেষ্ট পরিশ্রম করছে। গোল না পেলেও সে দারুণ খেটে যাচ্ছে।’ গ্যারেথ বেলের কথায়ও সেটির প্রতিধ্বনি, ‘ক্রিস্টিয়ানো গোল পাওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছে। তবে সবার আগে দল, আর আমি নিশ্চিত দলকে সাহায্য করতে পেরে সে খুবই খুশি।’
তবে কোচকে পাশে পাওয়াটাই বেশি ভরসা দেবে রোনালদোকে। জিদান মনে করিয়ে দিয়েছেন, নিজের ক্যারিয়ারেও এ রকম অভিজ্ঞতা হয়েছিল তাঁর, ‘কেন ওরা রোনালদোর উদ্দেশে শিস দিয়েছে, সেটা আমি বুঝতেই পারছি না। আমার সঙ্গেও ওরা তো এমন করেছিল।’ জিদান আশাবাদী, রোনালদো খুব শিগগির এই স্মৃতিটা ভুলে যাবেন, ‘বার্নাব্যুতে দর্শকদের চাওয়া একটু বেশিই থাকে। ক্রিস্টিয়ানো এটার সঙ্গে অভ্যস্ত। হয়তো সে এখন সুযোগ কাজে লাগাতে পারছে না, কিন্তু সুযোগ আসছে। খুব শিগগির সে গোল করা শুরু করবে, এসব নিয়ে আমি একদমই উদ্বিগ্ন নই।’
আজই অবশ্য রিয়ালকে আবার মাঠে নামতে হচ্ছে। কোপা দেল রেতে প্রতিপক্ষ তৃতীয় বিভাগের ক্লাব লিওনেসা। রয়টার্স, ফোরফোরটু।