রোনালদোর পেনাল্টি মিসে ডুবল পর্তুগাল

প্রথম ম্যাচে সমালোচনা কুড়িয়েছিলেন নিজের ছায়া হয়ে থেকে, ডাইভ দিয়ে অন্যায় সুবিধা আদায় করে নেওয়ার চেষ্টায়। দ্বিতীয় ম্যাচে গোল করেই ম্যাচের নায়ক হতে পারতেন ক্রিস্টিয়ানো রোনালদো। এমনকি পেনাল্টি থেকেই গোল করার সুযোগ পেয়েছিলেন, যেখান থেকে তাঁর লক্ষ্যভেদের হার অবিশ্বাস্য। সেই পেনাল্টি মিস করেই পর্তুগালকে খাদের কিনারায় নিয়ে গেলেন দলের সবচেয়ে বড় তারকা ও অধিনায়ক। অস্ট্রিয়ার সঙ্গে গোলশূন্য ড্র করল রোনালদোর দল।
জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন আগেই। কাল সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটাও নিজের করে নিলেন লুইস ফিগোকে পেছনে ফেলে। কিন্তু পর্তুগালের হয়ে রোনালদোর অবদান ও অর্জন আরও একবার প্রশ্নবিদ্ধ হলো। ৭৯ মিনিটের পেনাল্টিটা সোজা পোস্টে মারলেন, ম্যাচে আরও একটা সহজ সুযোগও নষ্ট করলেন। গ্যালারিতে বসে থাকা ফিগোকেও দেখাল হতাশ, কিছুটা বিরক্তও।
এ নিয়ে টানা দুই ম্যাচে ড্র করে ‘এফ’ গ্রুপে পর্তুগাল রীতিমতো কোণঠাসা। ২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৩ নম্বরে। অবশ্য আইসল্যান্ডের পয়েন্টও ২। তাই আশা এখনো আছে পর্তুগালের। কিন্তু সেই আশার প্রদীপ জ্বালিয়ে উঠতে যাঁর জ্বলে ওঠার দরকার, তিনিই তো ভেজা বারুদ!
পর্তুগাল অবশ্য খলনায়ক বলতে পারে ভাগ্যকেও। পুরো ম্যাচে ২৩টা শট নিয়েছে গোলে। এর একটাও জালে ঢুকল না! যেটাও–বা ঢুকল, তাও বাদ পড়ল অফসাইডের খাঁড়ায়! নানির হেডার ফিরে এল পোস্টে লেগে!
তবু ম্যাচ থেকে ৩ পয়েন্ট তুলে নিতে পারত ২০০৪ সালের রানার্সআপরা। রোনালদো নিজেই পেনাল্টি আদায় করে নিয়েছিলেন। পর্তুগালের হয়ে তাঁর জঘন্য ফ্রি কিকের রেকর্ড নিয়ে বেশ কথাবার্তা হচ্ছে কদিন ধরে। এবার যেন আলোচনাটা অন্য দিকে টেনে আনতে চাইলেন রোনালদো। অস্ট্রিয়ান গোলরক্ষক রবার্ত আলমারকে ভুল দিকে ডাইভ দেওয়াতে পারলেও জালের ছোঁয়া দিতে পারলেন না বলকে।
পুরো ম্যাচে রোনালদোকে ‘মেসি’ ‘মেসি’ স্লোগান শুনিয়েছে অস্ট্রিয়ার সমর্থকেরা। রোনালদোর যন্ত্রণা আরও বাড়িয়ে ম্যাচের ৫ মিনিট থাকতে বাতিল হয়ে গেল হেড থেকে করা গোল। অবশ্য রেফারির সিদ্ধান্ত ঠিকই ছিল, রোনালদো যতই মাথা দোলান না কেন। রোনালদো পেয়েছিলেন আরও একটা পরিষ্কার সুযোগ। যেটা মিস করা ঠিক তাঁর নামের সঙ্গে যায় না।
মেসি যেখানে আলো ছড়াচ্ছেন কোপা আমেরিকায়, এক গোল করলেই চারটা ভিন্ন ইউরোতে গোল করার অনন্য রেকর্ডের সামনে থাকা রোনালদো মাঠ ছাড়লেন হতাশায়। অস্ট্রিয়া সমর্থকদের ‘মেসি’ ‘মেসি’ স্লোগানেরই জয় হলো!