রোনালদোর প্রতি গ্রিজমানের 'ঘৃণা'টা বাড়বেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফার বর্ষসেরার লড়াইটা শেষ পর্যন্ত এই তিনের। ফাইল ছবি
ফিফার বর্ষসেরার লড়াইটা শেষ পর্যন্ত এই তিনের। ফাইল ছবি

ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতি আঁতোয়ান গ্রিজমানের ‘ঘৃণা’টা সম্ভবত আরেকটু বাড়তে যাচ্ছে। 

কদিন আগেই রোনালদো জানিয়েছিলেন, ইউরোর পর মায়ামির এক রেস্টুরেন্টে তাঁকে দেখে গ্রিজমান বলেছিলেন, ‘রোনালদো, আমি তোমাকে ঘৃণা করি।’ নিছক মজা করেই কথাটা বলেছিলেন গ্রিজমান। তবে কেন, তা তো বোঝারই কথা। চ্যাম্পিয়নস লিগের পর ইউরো, দুটি ফাইনালেই রোনালদোর দুই দল রিয়াল মাদ্রিদ ও পর্তুগালের কাছে হেরে গিয়েছিল গ্রিজমানের দল অ্যাটলেটিকো মাদ্রিদ ও ফ্রান্স।
এবার ঘৃণাটা আরও বাড়তে পারে। এখন পর্যন্ত বিভিন্ন জরিপের যা ফল, তাতে আরেকটি ‘ফাইনালে’ উঠেও আরেকবার রোনালদোর কাছে হারতে হতে পারে গ্রিজমানকে।
তা কী সেই ফাইনাল? ফিফার বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কারের লড়াই। ২৩ জনের তালিকা থেকে কেটেছেঁটে আজ তিনজনের তালিকা প্রকাশ করেছে ফিফা। তাতে রোনালদোর সঙ্গে জায়গা পেয়েছেন গ্রিজমানও। অন্যজন কে সেটি নিশ্চয়ই বলে দিতে হবে না। লিওনেল মেসি।
শেষ পর্যন্ত লড়াইটা তাই দাঁড়াচ্ছে এই তিনের। অনেক জরিপের ফল অনুযায়ী, চ্যাম্পিয়নস লিগ ও ইউরো শিরোপা জেতাটা রোনালদোকে এগিয়ে রাখছে। এর আগে তিনবার ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড। অবশ্য রেকর্ড পাঁচবারের বর্ষসেরা মেসিও তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়বেন। বার্সেলোনাকে স্প্যানিশ লিগ ও কাপ জিতিয়েছেন, আর্জেন্টিনাকে নিয়ে গেছেন শতবার্ষিকী কোপা আমেরিকার ফাইনালেও।
গ্রিজমান শিরোপা হয়তো জিততে পারেননি। তবে অ্যাটলেটিকো মাদ্রিদকে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে বা ফ্রান্সকে ইউরোর ফাইনালে নিয়ে যেতে রেখেছেন বড় ভূমিকা।
ফিফার সদস্য সব জাতীয় দলের কোচ ও খেলোয়াড়, ফুটবল সমর্থক ও সাংবাদিকদের ভোটে নির্ধারিত হবে আগামী ৯ জানুয়ারি জুরিখে হাসিটা কার মুখে ফুটবে। এমনও হতে পারে কোচ-অধিনায়কের মুখে হাসি ফুটল। বর্ষসেরা কোচের তিনজনের তালিকায় যে আছেন পর্তুগালের ফার্নান্দো সান্তোস আর রিয়ালের জিনেদিন জিদানও। অন্যজন লেস্টা​র–রূপকথার জন্ম দেওয়া ক্ল​দিও রানিয়েরি। সূত্র: ফিফাডটকম।