রোনালদোর ফেরার ম্যাচের টিকিট বিক্রি হচ্ছে ৩ লাখ টাকায়
বড় তারকাদের দলবদলের পরই কথাটা শোনা যায়। জার্সি বিক্রি করেই টাকা তুলে নেবে ক্লাব। বাস্তবে যতই জার্সি বিক্রি হোক না কেন, সেখান থেকে অর্জিত অর্থের খুব কম অংশই ক্লাবের কাছে পৌঁছায়। তবু লিওনেল মেসির সুবাদে পিএসজি আর এখন ক্রিস্টিয়ানো রোনালদোর সুবাদে ম্যানচেস্টার ইউনাইটেডের তহবিল এ কদিনে বেশ ইতিবাচক প্রভাব পড়ছে।
দুই তারকার দলবদলে যে শুধু তাঁদের ক্লাবের লাভ হচ্ছে, এমনটি নয়। এই তো পিএসজির জার্সিতে মেসির নামার খবর শুনেই ২০ হাজার টিকিট বেশি বিক্রি হয়েছিল ফরাসি ক্লাব রেঁসের। মেসির অভিষেক ম্যাচটা যে ছিল তাদের বিপক্ষেই। আর ওদিকে রোনালদোর মাঠে নামার সম্ভাবনা আছে, এমন ম্যাচের এরই মধ্যে বিক্রীত টিকিটের দাম উঠেছে প্রায় তিন লাখ টাকা।
গতকাল বুধবার আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলের রেকর্ডটা নিজের করে নিয়েছেন রোনালদো। ইরানের আলী দাইয়ির বহুদিন ধরে দখলে থাকা রেকর্ড ভাঙা ম্যাচেই একটা ভুল করেছেন। যোগ করা সময়ে দল জেতানো গোল করে জার্সি খুলে উদ্যাপন করেছিলেন তিনি। তাতে হলুদ কার্ড দেখায় পরের ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন রোনালদো। তাতে কপাল খুলেছে ম্যানচেস্টার ইউনাইটেডের।
এককালীন ১ কোটি ৫০ লাখ ইউরো আর শর্ত সাপেক্ষে আরও ৮০ লাখ ইউরোর বিনিময়ে জুভেন্টাস থেকে রোনালদোকে নিয়ে এসেছে ইউনাইটেড। রোনালদোকে ইউনাইটেডের জার্সিতে দেখার দিনক্ষণ ঠিক করে রাখা হয়েছে। ১১ সেপ্টেম্বর ওল্ড ট্রাফোর্ডে নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে খেলবে ম্যানচেস্টার ইউনাইটেড।
একে তো প্রত্যাবর্তন, সেটাও ঘরের মাঠে। এ ম্যাচ নিয়ে আগ্রহের পারদ যে চড়া, সেটা তো বোঝাই যায়। এর মধ্যে জাতীয় দলের ম্যাচে নিষেধাজ্ঞা জোটায় আগেভাগেই ইউনাইটেডের সঙ্গে যোগ দিতে পারছেন রোনালদো। ফলে এ ম্যাচে তাঁর মাঠে নামা নিয়ে যা-ও একটু সংশয় ছিল, সেটাও দূর হয়ে গেছে অনেকাংশে। এরই সুযোগ নিতে চাইছে টিকিট বিক্রির ওয়েবসাইটগুলো।
এ ম্যাচের সব টিকিট এরই মধ্যে বিক্রি হয়ে গেছে। কিন্তু বিক্রীত টিকিট অন্যান্য টিকিট বিক্রির সাইটে পাওয়া যাচ্ছে। আর সেখানেই সমর্থকদের আগ্রহের সর্বোচ্চ সুযোগ নিতে চাইছে সবাই। ইউনাইটেডের টিকিটের দাম বয়স ভিত্তিতে ১০ থেকে ৪৩ পাউন্ডের মধ্যেই থাকে। আর এক্সিকিউটিভ টিকিট বিক্রি হয় ৬০ পাউন্ডে।
কিন্তু লাইভ ফুটবল টিকেটসে ইউনাইটেডের ১১ তারিখের টিকিট এখন বিক্রি হচ্ছে ২৫০ থেকে ৫৯৯ পাউন্ডে! এ সাইটে এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত দুই শতাধিক টিকিট আছে।
এটুকুও হয়তো অনেকেই মেনে নিতে পারেন। হাজার হলেও রোনালদোর প্রত্যাবর্তন তো আর প্রতিদিন হবে না। তবে আমেরিকান প্রতিষ্ঠান স্টাবহাব একটু বাড়াবাড়িই করে ফেলছে। এ ম্যাচ নিয়ে মানুষের আগ্রহ দেখে সবচেয়ে কম দামি টিকিটের দামও ২ হাজার ৫১৪ পাউন্ড হাঁকছে তারা, বাংলাদেশি মূল্যমানে যা ২ লাখ ৯৫ হাজার টাকা।
এ দিকে ইউনাইটেড সবাইকে এভাবে টিকিট কিনতে নিষেধ করেছে। ক্লাবের এক সূত্র বলেন, ‘সমর্থকদের অননুমোদিত জায়গা থেকে টিকিট কিনতে বারণ করছি। এসব টিকিট অধিকাংশ ক্ষেত্রেই ভুয়া, মানুষের পকেট কেটে, তাঁদের হতাশ করে এবং শেষ পর্যন্ত তাঁরা খেলা দেখতে পারেন না।’