রোনালদোর বদলে মেসি রেকর্ড ভাঙাতেই তিনি খুশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তেলমো জারার মেয়ে খুশি, মেসিই বাবার রেকর্ডটা ভাঙছেন বলে। ফাইল ছবি
তেলমো জারার মেয়ে খুশি, মেসিই বাবার রেকর্ডটা ভাঙছেন বলে। ফাইল ছবি

এক–দুই বছর নয়। এক–দুই দশকও নয়। পাক্কা ষা–ট বছর! ছয় দশক ধরে অক্ষুণ্ন আছে রেকর্ডটা। এখান থেকেই বোঝা যায় কীর্তিটা কত বড়। অবশেষে সেই রেকর্ড এখন ভেঙে যাওয়ার প্রান্তে। আগামী এক–দুই ম্যাচেই রেকর্ডটা হয়তো ভেঙে ফেলবেন লিওনেল মেসি। হয়ে যাবেন বিশ্বের অন্যতম, ঐতিহ্যবাহী ফুটবল লিগ লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা।
এখনো রেকর্ডটা তেলমো জারার নামের সাথে। অ্যাথলেটিক বিলবাওয়ের এই কিংবদন্তি খেলোয়াড় স্প্যানিশ লিগে করেছিলেন ২৫১টি গোল। মেসির নামের পাশে ২৪৯টি গোল। দুটো গোল পেলে রেকর্ডটা ছোঁবেন। তিনটি পেলে ভেঙেই দেবেন। জারা স্বর্গ থেকে নিশ্চয়ই অভিনন্দন জানাবেন মেসিকে। আট বছর আগে যে স্বর্গলোকের বাসিন্দা হয়েছেন স্পেনের এই সাবেক তারকা।
জারা নেই, তবে তাঁর মেয়ে আছেন। বাবার রেকর্ড ভেঙে যাওয়াতে কি মন খারাপ? কারমেন জারার কথা শুনে কিন্তু তা মনে হচ্ছে না। বরং বাবার রেকর্ড যে মেসি ভাঙতে চলেছেন, তাতে তিনি বরং উচ্ছ্বসিত। রোনালদো নয়, মেসিই রেকর্ড ভাঙছেন বলে বেশি খুশি মনে হলো তাঁকে। কাতালুনিয়া রেডিওকে কারমেন বলেছেন, ‘আমার বাবা ১৯৫৩–৫৪ মৌসুমে অবসর নিয়েছিলেন। প্রায় ৬০ বছর ধরে তাঁর রেকর্ডটা টিকে আছে। এখন সময় এসেছে এই রেকর্ড ভেঙে দেওয়ার। অ্যাথলেটিকের (বিলবাও) কেউ ভাঙলেই বেশি খুশি হতাম। তবে এটা নিশ্চিত, মেসি রেকর্ডটা ভাঙছে দেখলে বাবা অনেক উচ্ছ্বসিত হতেন। কারণ মাঠের বাইরেও মানুষ হিসেবে ও অসাধারণ। ও খুবই ভালো ব্যবহার করে সব সময়।’
কারমেনের কথা শুনে মনে হচ্ছে, রোনালদোর আচরণ হয়তো তাঁর ভালো লাগে না। খুব খোলাসা করে না বললেও ইঙ্গিতে বলেছেন, ‘রোনালদোর চেয়ে মেসিকেই মানুষ আর খেলোয়াড় হিসেবে আমার বেশি ভালো লাগে। এর বেশি কিছু বলতে চাই না। ও মাঠে যে রকম আচরণ করে, ওটা আমি বেশি পছন্দ করি। মেসির খেলা দেখেছি, ওকে অনুসরণ করতেই বরং আমার ভালো লাগে। রোনালদোও প্রচুর গোল পায়। ওর যা শক্তি, তাতে ওকে সবাই অবশ্যই ভয় পায়। তবে আমার যা রুচি, তাতে লিওকেই আমার পছন্দ।’ সূত্র: ইএসপিএন।