রোনালদোর বিষয়টি 'ভুলে যান'

গুঞ্জনটা কদিন ধরেই ভাসছে বিশ্বফুটবলে। ক্রিস্টিয়ানো রোনালদোর মাদ্রিদ-অধ্যায় নাকি শেষ হতে যাচ্ছে! গত সপ্তাহে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলোও খবর দিল, জানুয়ারির দলবদলে সিআর সেভেনকে দলে ভেড়াতে নাকি কাঁড়ি কাঁড়ি টাকা নিয়ে মাঠে নামবে ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসি। অবশ্য ‘ব্লু’দের ডেরায় পর্তুগিজ ফরোয়ার্ডের নাম লেখানোর সম্ভাবনা একপ্রকার নাকচই করে দিয়েছেন হোসে মরিনহো।
সম্প্রতি একটি সংবাদ সম্মেলনে রোনালদোকে নিয়ে প্রশ্নের সম্মুখীন হন মরিনহো। সাংবাদিকেরা তাঁকে জিজ্ঞেস করেছিলেন, রোনালদোর চেলসিতে যোগ দেওয়ার কোনো সম্ভাবনা আছে কি না! এ ব্যাপারে মরিনহোর তাৎক্ষণিক জবাব, ‘এ বিষয়টি (রোনালদোর দলবদল) ভুলে যান!’
মরিনহো রিয়ালের কোচ থাকতেই নাকি রোনালদোর সঙ্গে তাঁর সম্পর্কের অবনতি হয়। কিছুদিন আগে মরিনহো রোনালদোর কিছু সমালোচনাও করেছিলেন। রিয়াল ফরোয়ার্ড প্রসঙ্গে মরিনহো বলেছিলেন, ‘রোনালদো কোনো সমালোচনা সহ্য করতে পারে না। কোচের পরামর্শ ভালোভাবে নিতে পারে না।’
রোনালদো নিজেও নাকি মরিনহোকে খুব একটা পছন্দ করেন না। মরিনহোর অতি-রক্ষণাত্মক কৌশলের সমালোচনা তিনি নাকি প্রায়ই সতীর্থদের সামনে করেছেন। এ ব্যাপারগুলোও নাকি মরিনহোর কানে বেশ কয়েকবারই গেছে। মোটকথা কাগজে-কলমেই মরিনহো-রোনালদো যুগলবন্দির সম্ভাবনা ছিল একেবারেই কম। মরিনহোর সাম্প্রতিক মন্তব্যে তা চলে গেল শূন্যের কোটাতেই।
মরিনহোর মন্তব্যে খুশি হতে পারে ম্যানচেস্টার ইউনাইটেড। চেলসি রোনালদোকে না নিলে তাদের সম্ভাবনা যে অনেকটাই বেড়ে যায়। তবে সবকিছুর পরও কথা থেকে যায়। সিআর সেভেন আদৌ রিয়াল ছাড়বেন তো? সূত্র: গোলডটকম মেট্রো।