রোনালদোর ব্যালন ডি'অর নিয়ে প্রশ্ন ক্রুইফের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর ব্যালন ডি’অর পাওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না ক্রুইফ। ছবি: মার্কা
রোনালদোর ব্যালন ডি’অর পাওয়ার যুক্তি খুঁজে পাচ্ছেন না ক্রুইফ। ছবি: মার্কা

টানা দুবার ফিফা বর্ষসেরা হয়ে স্বাভাবিকভাবেই স্তুতিবানে ভাসছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ইয়োহান ক্রুইফের খাতায় রিয়াল তারকার নাম্বার খুব খারাপ! বার্সেলোনার ডাচ কিংবদন্তি প্রশ্ন তুলেছেন রোনালদোর ব্যালন ডি’অর পাওয়া নিয়েই। 
হল্যান্ডের দৈনিক ডি টেলেগ্রাফ-এ লেখা নিজের কলামে ক্রুইফ যুক্তি দেখিয়েছেন, ‘সর্বোচ্চ পর্যায়ের ফুটবলে ব্যক্তিগত নৈপুণ্যের সঙ্গে দলীয় অর্জনের একটা সমন্বয় থাকা উচিত। টানা দুই বছর পুরস্কারটা এমন একজনের কাছে গেল, যে আহামরি কিছু খেলেনি, খুব বেশি শিরোপাও জেতেনি। ’
তবে কি লিওনেল মেসির প্রতি বার্সা কিংবদন্তির কোনো পক্ষপাত? মোটেও তা নয়। এবার ব্যালন ডি’অর পাওয়ার ক্ষেত্রে ক্রুইফ বেছে নিয়েছেন রিয়ালের জার্মান মিডফিল্ডার টনি ক্রুসকে। কলামে লিখেছেন, ‘দুই বছর আগে বায়ার্ন সম্ভাব্য সব শিরোপা জেতার পরেও টনি ক্রুস বা বায়ার্নের কাউকে না দিয়ে রোনালদোকে দেওয়া হয়েছিল। ২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতানোয় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে ক্রুস, অথচ সে শেষ তিনেই নেই। অন্যদিকে রোনালদো বিশ্বকাপে একেবারেই নিষ্প্রভ ছিল। এ কারণে ফিফার এ পুরস্কারটা আমি মোটেও গুরুত্ব দিই না। ’ মার্কা ও ইএসপিএন।