রোনালদোর বড় ভয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

বল পায়ে তাঁর ‘বোল্ট-গতি’র দৌড় কিংবা বক্সের বাইরে থেকে বুলেটগতির শটগুলো কাঁপন ধরিয়ে দেয় ডিফেন্ডার-গোলকিপারদের বুকে। কীভাবে তাঁকে দমিয়ে রাখা যায়, ম্যাচের আগে এই চিন্তায় নির্ঘুম রাত কাটে প্রতিপক্ষ দলের কোচের। যাঁকে নিয়ে প্রতিপক্ষের এত ভয়, সেই ক্রিস্টিয়ানো রোনালদোর ভয় কিসে? তাঁর ভয়টাও আমজনতার মতোই—অকালমৃত্যু!
সংবাদমাধ্যমে ‘ফুটবলার রোনালদো’কে পাওয়া যায় প্রায়ই, ‘ব্যক্তি রোনালদো’ কেমন সেটিই এবার তুলে আনার চেষ্টা করেছে ফুটবল সাময়িকী লিবেরো। চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ড্রয়ের পরদিন সাময়িকীটির ওয়েবসাইটে প্রকাশিত আংশিক সাক্ষাৎকারে উঠে এসেছে ‘সিআর-৭’-এর ভয়, ভালোবাসা ও অনুপ্রেরণার বিষয়গুলো।
ফুটবল মাঠের বাইরের রোনালদো জীবন যাপন করতে পছন্দ করেন আর পাঁচজন সাধারণ মানুষের মতোই। পরিবার, বন্ধুবান্ধব ও তাঁর ছেলের সঙ্গই সবচেয়ে ভালো লাগে পর্তুগাল অধিনায়কের। অবসর সময়ে সবচেয়ে পছন্দ করেন ছেলের সঙ্গে ফুটবল খেলতে। এই মানুষগুলোই তাঁর নিয়ত অনুপ্রেরণা, ‘এরাই আমাকে উদ্দীপনা জোগায়। আমার চারপাশের সুন্দর আবহ এবং ইতিবাচক শক্তির উৎসও ওরা।’
আর ভয়? ‘সবচেয়ে বড় ভয় অকালমৃত্যু। আমি অল্প বয়সেই মরে যেতে চাই না। বৃদ্ধ হয়ে মরতে চাই, যখন বয়স ৮০ বা ৯০ হবে’—অল্প বয়সেই মরতে চান না রোনালদো, পরিণত জীবনই তাঁর কাম্য।
শুধু নিজেকে নিয়ে নয়, ভক্তদের কথাও ভাবেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ মহাতারকা, ‘আমি মুহূর্তকে উপভোগের চেষ্টা করি। আমি ফুটবল খেলতে পছন্দ করি এবং চাই আমার ভক্তরাও যেন এটিকে একইভাবে উপভোগ করে।’ আত্মপ্রত্যয়ী রোনালদো সব সময়ই লক্ষ্যাভিমুখী, ‘সব সময়ই সেরা হওয়ার লক্ষ্য থাকে আমার—ফি বছর। নিজেকে সর্বোচ্চ পর্যায়ে নিতে কঠোর পরিশ্রম করে যেতে চাই।’ মার্কা।