রোনালদোর ভালোবাসা অসুস্থ ফার্গির জন্য

>• ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণের জন্য জরুরি অস্ত্রোপচার করা হয়েছে
• সাবেক কোচের অসুস্থতার খবর জেনে টুইট করেছেন রোনালদো
• লিভারপুল ফার্গুসনের নিয়ে তাঁদের ওয়েবসাইটে নিবন্ধ প্রকাশ করেছে
দরজায় কড়া নাড়ছে ‘এল ক্লাসিকো’। কোথায় ধুন্ধুমার লড়াইয়ের প্রস্তুতি নেবেন তা না, কানে এল খারাপ খবর—স্যার অ্যালেক্স ফার্গুসনের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে। এই খবর শোনার পর ক্রিস্টিয়ানো রোনালদো ঠিক থাকেন কীভাবে!
ম্যানচেস্টার ইউনাইটেডে ফার্গুসনের অধীনেই তারকাখ্যাতি পেয়েছিলেন রোনালদো। ডেভিড বেকহামের শূন্যতা পূরণে স্পোর্টিং থেকে তাঁকে ওল্ড ট্রাফোর্ডে উড়িয়ে এনেছিলেন ফার্গুসন। ইউনাইটেডে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত ছিলেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। ফার্গুসনের স্নেহধন্যও ছিলেন রোনালদো। সেই ফার্গির অসুস্থতার খবর জেনে রোনালদোর টুইট, ‘আমার ভাবনা ও প্রার্থনা আপনার সঙ্গে আছে, প্রিয় বন্ধু। শক্ত হন, বস!’ এই টুইট বার্তায় ফার্গুসনের সঙ্গে একটি ছবিও পোস্ট করেন রোনালদো।
ইউনাইটেড কোচ হিসেবে ২৬ বছরের ক্যারিয়ারে ৩৯টি শিরোপা জয়ের পর ২০১৩ সালে অবসর নেন ফার্গুসন। ৭৬ বছর বয়সী সাবেক এই স্কটিশ কিছুদিন আগেও ওল্ড ট্রাফোর্ডে এসে আর্সেন ওয়েঙ্গারকে শুভেচ্ছা জানান। তখন বেশ সুস্থ ও চনমনে ছিলেন। কিন্তু গতকাল হঠাৎ করেই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। জরুরি অস্ত্রোপচারের পর স্যালফোর্ড রয়্যাল হাসপাতালে নিবিড় পরিচর্যার মধ্যে রয়েছেন ফার্গি। ইউনাইটেডের পক্ষ থেকে বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্রোপচার ‘খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে’ কিন্তু ফার্গুসনের ‘সুস্থ হয়ে উঠতে নিবিড় পরিচর্যার প্রয়োজন।’
ফার্গির অসুস্থতার খবর বেশ বড় ধাক্কা দিয়েছে ইংলিশ ও স্কটিশ ফুটবলকে। লিভারপুল তাদের ওয়েবসাইটে কিংবদন্তিতুল্য সাবেক এ কোচকে নিয়ে নিবন্ধ প্রকাশ করেছে। এ ছাড়া তাঁর অধীনে বেড়ে ওঠা বেশির ভাগ খেলোয়াড়ই অসুস্থতার খবর জেনে চিন্তিত। অ্যান্ডারসন তাঁদের একজন। ইউনাইটেড ও ব্রাজিলের সাবেক এ মিডফিল্ডারের টুইট, ‘বস, যেকোনো অবস্থায় জেতাটা আমি আপনার সঙ্গে শিখেছি। তাই আপনার কাছে এখন আমার প্রত্যাশা, জিতুন, জিতুন, জিতুন, জিতুন। প্লিজ!’