রোনালদোর মন্তব্যে বিতর্কের ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

আসলে কী বোঝাতে চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো? নিজ ক্লাবের কয়েকজন সতীর্থের মান নিয়ে প্রশ্ন তুলছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড? নাকি স্রেফ শব্দের প্যাঁচে পড়ে চিন্তাটা ঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি? গত পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে হারের পর টিভি ক্যামেরায় রোনালদোর একটি মন্তব্যই ঝড় তুলে দিয়েছে সান্তিয়াগো বার্নাব্যুতে, ফুটবল-বিশ্বেও।
জিতলে শিরোপার স্বপ্নটা একটু উজ্জ্বল হবে, হারলে সব শেষ—ঘরের মাঠে মাদ্রিদ ডার্বিতে এমন সমীকরণ নিয়েই খেলতে নেমেছিল রিয়াল। কিন্তু দ্বিতীয়ার্ধে ফ্রেঞ্চ স্ট্রাইকার আঁতোয়া গ্রিজমানের গোলে ম্যাচটা জিতে যায় অ্যাটলেটিকো। এই হারে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান দাঁড়িয়েছে ৯ পয়েন্ট (কাল রাতে বার্সেলোনা জিতলে ১২)।
ম্যাচে নিজে অনুজ্জ্বল ছিলেন। তার ওপর শিরোপার আশাও শেষ। হতাশা থেকেই কি না, ম্যাচ শেষে ক্যাদেনা কোপে টেলিভিশনের কাছে প্রতিক্রিয়া দিতে গিয়ে রোনালদো করলেন বিস্ময়কর মন্তব্য। সতীর্থদের ওপর দায় চাপিয়ে বললেন, ‘যদি সবাই আমার মতো ভালো হতো, সম্ভবত আমরা (পয়েন্ট তালিকায়) সবার ওপরে থাকতাম।’
রিয়াল প্রতি মৌসুমে কোটি কোটি ডলার খরচ করে বিশ্বসেরা খেলোয়াড়দের নিয়েই দল বানায়। অথচ সেই খেলোয়াড়দের মান নিয়ে খুশি নন রিয়ালেরই সেরা তারকা! সাক্ষাৎকারে রোনালদো আরও বললেন, ‘করিম (বেনজেমা), বেল ও মার্সেলোর সঙ্গে খেলতে আমি পছন্দ করি। হেসে (রদ্রিগেজ), লুকাস (ভাজকুয়েজ) ও (মাতেও) কোভাচিচদের খারাপ বলছি না। ওরা অনেক ভালো, কিন্তু প্রতিযোগিতা জিততে হলে সেরাদের দরকার। এই বছর সেটির অভাব বোধ করেছি আমরা।’ অবশ্য চোট-আঘাতকেও লিগে নিজেদের এমন হতশ্রী দশার জন্য দায়ী করেছেন।
স্বাভাবিকভাবেই তাঁর এই মন্তব্য বিতর্কের ঝড় তুলেছে। এ কথাটি বলে রোনালদো আসলে সতীর্থদের অপমান করেছেন কি না, সেটি নিয়েও হচ্ছে আলোচনা। তবে ম্যাচের পরে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে পর্তুগাল অধিনায়ক দাবি করলেন, তিনি ওভাবে বোঝাতে চাননি। আসলে সতীর্থরা ‘শারীরিক’ভাবে তাঁর মানের নয় বোঝাতেই নাকি এমন কথা বলেছিলেন রোনালদো, ‘ওটা যখন বলেছি, আসলে শারীরিক সক্ষমতার কথাই বুঝিয়েছি। খেলার মান নয়। কোনো সতীর্থের চেয়েই আমি ভালো নই।’
খেলোয়াড়েরা ঘন ঘন চোটে পড়াতেই দল এতটা পিছিয়ে পড়েছে জানিয়ে ৩১ বছর বয়সী ফরোয়ার্ড বললেন, ‘বলছি না যারা আজ খেলেছে ওরা ভালো ছিল না। তবে দলে সেরাদের খেলাটা অনেক গুরুত্বপূর্ণ। জানি না দুর্ভাগ্যের কারণে কি না, লিগ শুরু হওয়ার পর থেকেই অনেক চোটসমস্যা ছিল আমাদের। এতে অনেক ক্ষতি হয়েছে, মূলত প্রতিপক্ষের মাঠে। মূল্যও দিতে হচ্ছে পয়েন্ট হারিয়ে।’
তবে বিতর্কে রোনালদো পাশে পাচ্ছেন সতীর্থ সার্জিও রামোসকে। রিয়াল অধিনায়কও বলছেন, রোনালদো শব্দের প্যাঁচে পড়ে ভুল বলেছেন, ‘যদি রোনালদোকে কেউ ভালোভাবে চেনে, তবে সেটি আমি। আমার মনে হয় না, ও ওভাবে সতীর্থদের আক্রমণ করতে চেয়েছে। তবে নিজের মতটাকে ভালোভাবে বোঝাতে পারেনি।’
আসলে কী বোঝাতে চেয়েছিলেন রোনালদো? এএফপি।