রোনালদোর মন্তব্যে বিরক্ত রামোস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর সাম্প্রতিক মন্তব্য ভালো লাগেনি রামোসের ছবি: মার্কা
রোনালদোর সাম্প্রতিক মন্তব্য ভালো লাগেনি রামোসের ছবি: মার্কা

ক্রিস্টিয়ানো রোনালদোর সর্বশেষ মন্তব্য এক অর্থে বিস্ফোরকই। সমালোচনার তির ছুড়েছেন নিজ ক্লাব রিয়ালের দিকে। ক্লাবের নীতির সমালোচনা করে তিনি যে ঠিক করেননি, সেটা সোজা-সাপ্টাই জানিয়ে দিয়েছেন সার্জিও রামোস। রিয়াল মাদ্রিদ অধিনায়কের বক্তব্য হলো, ‘আমরা একটি ক্লাবে খেলি। এই ক্লাবের কিছু চিন্তাভাবনা আছে। তারা কিছু নিয়মকানুন মেনে চলে। খেলোয়াড় হিসেবে আমাদের সবারই সেই চিন্তাভাবনা অনুসরণ করা উচিত, নিয়মনীতি মেনে চলা উচিত।’

রোনালদো সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে নতুন মৌসুমে রিয়ালের দলগঠন নিয়ে মেতে ওঠেন তীব্র সমালোচনায়। এই মৌসুমে দলগঠন নিয়ে যে তিনি যথেষ্ট নাখোশ, সেটাই বেরিয়ে পড়ে তাঁর কথাবার্তায়।

মন্তব্য করেন, তিনি যদি রিয়ালের শীর্ষ পদে থাকতেন, তাহলে দলগঠনের অনেক কিছুই তিনি অন্য ভাবে করতেন। জাবি আলোনসো ও অ্যাঙ্গেল ডি মারিয়ার মতো খেলোয়াড়দের ছেড়ে দিতেন না, ডেসিমা জেতা দলে পরিবর্তন আনতেন না।

রোনালদোর এই মন্তব্য নিয়ে সরাসরি কোনো কথা বলেননি। কেবল জানিয়েছেন, ‘প্রত্যেকের নিজস্ব মতামত থাকতেই পারে। কিন্তু সেটা অবশ্যই নিজের মধ্যে রাখা উচিত। অনেক কথাই আছে, যেগুলো বলা যায় না বা বলা উচিত নয়। রিয়াল এবার নতুন ধরনের দল গড়েছে, সেটা নিয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসার বোধ হয় কারণ এখনো ঘটেনি।’ সূত্র: মার্কা।