রোনালদোর মায়ের কথা উড়িয়ে দিলেন মুখপাত্র

রোনালদোর সঙ্গে মেন্দেজ।ফাইল ছবি, এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা ঠিক ক্রিস্টিয়ানো রোনালদোর পক্ষে নেই। চ্যাম্পিয়নস লিগ জেতাতে তুরিনে পা রেখেছিলেন, কিন্তু সেটা তো দূর, এবার দলকে লিগও জেতাতে পারেননি। আতালান্তার সঙ্গে কোপা ইতালিয়ার ফাইনালে হেরে গেলে মৌসুমটা ট্রফিহীনই কাটাতে হবে রোনালদোদের। সব মিলিয়ে রোনালদোকে যে কারণে দলে আনা হয়েছিল, সে লক্ষ্য পূরণ করতে পেরেছেন সামান্যই।

জুভেন্টাসে রোনালদোর অবস্থান ঠিক আগের মতো নেই। এমনিতেই ক্লাবটির সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ফুরোবে ২০২২ সালে। এর মধ্যে খবর বেরিয়েছিল, জুভেন্টাসে নাকি মোটামুটি ‘একঘরে’ অবস্থায় সময় কাটছে পর্তুগিজ তারকার। ক্লাব ছাড়ার ব্যাপারে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন। আগ্রহী ক্লাবের তালিকায় ঘোরাঘুরি করছিল ম্যানচেস্টার ইউনাইটেড ও পিএসজির নাম। তবে গতকাল আগ্রহী ক্লাবের তালিকায় যে ক্লাবের নাম উঠেছিল, তা দেখে অনেকেরই চক্ষু চড়কগাছ হয়ে গিয়েছে। জানা গিয়েছিল, নিজের প্রথম পেশাদার ক্লাব স্পোর্তিং লিসবনে ফিরতে পারেন এই পর্তুগিজ তারকা।

ক্রিস্টিয়ানো রোনালদো এবং তাঁর মা দোলোরেস আভেইরো।
ফাইল ছবি: এএফপি

রোনালদোর যতই বয়স হোক না কেন, এখনো বিশ্বের সেরা তারকাদের কাতারে অনায়াসেই থাকবেন। এমন এক মহাতারকাকে লিসবন কিনে নিচ্ছে, ভাবতে বেগ পাওয়া স্বাভাবিক। গুঞ্জনটা ডালাপালা মেলেছে রোনালদোর মা দোলোরেস আভেইরোর একটা কথায়। তিনি একরকম ঘোষণাই দিয়েছিলেন, ছেলে ফিরছেন আঁতুড়ঘরে। এক দিন পরেই রোনালদোর মুখপাত্র হোর্হে মেন্দেস জানিয়ে দিয়েছেন, ওসব ফাঁকা বুলি।

দোলোরেস নিজে স্পোর্তিং–সমর্থক। ছেলের ক্যারিয়ারের শুরুটাও এ জন্য এখান থেকেই করিয়ে দিয়েছিলেন। সেই স্পোর্তিং এবার হয়েছে লিগসেরা। ২০০২ সালের পর এবারই প্রথম পর্তুগালের শীর্ষস্থানীয় প্রিমেরা লিগ জিতেছে। ক্লাবের সাফল্য আর দশটা সমর্থকের মতো দোলোরেস নিজেও উদ্বেলিত। এ সাফল্য উদ্‌যাপন করতে গিয়ে লিসবনে নিজ বাসার বারান্দা থেকে সমর্থকদের সঙ্গে কথা বলেন দোলোরেস। সেখানেই আবেগে ভেসে গিয়ে বলে বসেন, আগামী বছর রোনালদো যেন ঘরে ফিরে আসেন, সে ব্যাপারে ব্যবস্থা নেবেন তিনি, ‘(স্পোর্টিং লিসবনে) ফিরিয়ে নিয়ে আসতে আমি ওর (রোনালদো) সঙ্গে কথা বলব। আগামী বছর সে আলভালাদেতে (স্পোর্টিং লিসবনের স্টেডিয়াম) খেলবে।’

জুভেন্টাস তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।
ছবি: এএফপি

কথা শুনে স্পোর্তিং–সমর্থকেরা স্বপ্ন দেখা শুরু করবেন কী, এক দিন যেতে না যেতেই বেরসিকের মতো বাগড়া দিয়ে বসেছেন রোনালদোর মুখপাত্র হোর্হে মেন্দেস। একজন খেলোয়াড় কোথায় যাবেন না যাবেন, বেতন কত হবে—এসব সাধারণত একজন মুখপাত্রই দেখে থাকেন, জেনে থাকেন। মেন্দেসও তাঁর ব্যতিক্রম নন। দোলোরেস যতই আবেগপ্রবণ হয়ে ঘরের ছেলের ঘরে ফেরার কথা বলুন না কেন, বাস্তবতার নিরিখে সে কথার দাম সামান্যই। পর্তুগিজ সংবাদপত্র রেকর্দকে মেন্দেস জানিয়েছেন, স্পোর্তিং যে শিরোপা জিতেছে, তার জন্য রোনালদো গর্বিত। তবে এই মুহূর্তে পর্তুগালে ফেরার কোনো পরিকল্পনা নেই তাঁর।

পর্তুগালের সেরা তিনটি ক্লাবের একটি স্পোর্টিং লিসবনের বয়সভিত্তিক দল থেকে মাত্র ১৬ বছর বয়সে মূল দলে জায়গা করে নিয়েছিলেন রোনালদো। মাত্র এক মৌসুমের মধ্যেই ক্লাবটির অনূর্ধ্ব-১৬, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৮, ‘বি’ দল ও মূল দলে খেলে ফেলেন তিনি। ২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং লিসবনের মূল দলে খেলে রোনালদো নাম লেখান ম্যানচেস্টার ইউনাইটেডে। বাকিটা তো সবারই জানা।

জুভেন্টাসে সময়টা ঠিক ভালো কাটছে না।
ছবি: এএফপি

বয়স হয়ে গেছে ৩৬। ক্যারিয়ারের বালুকাবেলায় এসে অনেকেই নিজের সাবেক ক্লাবে ফেরত যান, কেউ কেউ আবার নিজের দেশে ফেরত যেতে চান। ব্যাপারটা অস্বাভাবিক কিছু নয়। আরিয়ান রোবেন যেমন গত মৌসুমে ফিরেছেন ডাচ্‌ ক্লাব গ্রনিঙ্গেনে। কার্লোস তেভেজ পাড়ি জমিয়েছিলেন বোকা জুনিয়র্সে। দানি আলভেস এখন খেলছেন সান্তোসে। ম্যানচেস্টার সিটির কিংবদন্তি দাভিদ সিলভা এই মৌসুমে ফিরেছেন স্পেনের ক্লাব রিয়াল সোসিয়েদাদে।

এ তালিকায় এখনই রোনালদো নাম লেখাচ্ছেন না, মেন্দেসের কথায় অন্তত সেটা নিশ্চিত।