রোনালদোর রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>প্রথম লেগের দুই গোলে ইউরোপিয়ান সব প্রতিযোগিতা মিলিয়ে শততম গোল করার প্রথম কীর্তি গড়েছিলেন। পরশু আবারও ‘শতক’, এবার শুধু চ্যাম্পিয়নস লিগেই

কার্লো আনচেলত্তি ঠিক এই ভয়টাই করেছিলেন। পইপই করে বায়ার্ন মিউনিখ ডিফেন্ডারদের বলে দিয়েছিলেন, ‘আর যা-ই করো না করো, ক্রিস্টিয়ানো রোনালদো যেন বক্সে একটুও জায়গা না পায়।’

রোনালদো
রোনালদো

তা আর হলো কই! আগের সপ্তাহে বায়ার্নের মাঠে দুই গোল করেছিলেন, পরশুও বায়ার্ন ডিফেন্ডারদের চোখ ফাঁকি দিয়ে বারবার বেরিয়ে গেলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। এবার হ্যাটট্রিক। সেই হ্যাটট্রিকও পরিপূর্ণ এক ফুটবলারের বিজ্ঞাপন! ডান পা, বাঁ পা, মাথা...! রোনালদো-জাদুতেই চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ১০ জনের দল হয়ে পড়া বায়ার্নকে ৪-২ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। দুই লেগ মিলিয়ে ৬-৩ গোলে জিতে রেকর্ড টানা সপ্তমবারের মতো উঠে গেছে সেমিফাইনালে।
রোনালদো ছুঁয়েছেন আরেকটি মাইলফলকও। প্রথম লেগের দুই গোলে ইউরোপিয়ান সব প্রতিযোগিতা মিলিয়ে শততম গোল করার প্রথম কীর্তি গড়েছিলেন। পরশু আবারও ‘শতক’, এবার শুধু চ্যাম্পিয়নস লিগেই। এর চেয়ে নিখুঁত রাত আর কী হতে পারত তাঁর জন্য!
হতে পারত, যদি ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে বিতর্ক না থাকত। আক্রমণ পাল্টা-আক্রমণে উত্তেজনাময় এক ম্যাচ, যেটিতে দুই দল মিলে গোলে শট ৫০টি! অথচ সবকিছু ছাপিয়ে ম্যাচ শেষে আলোচনায় কিনা রেফারিং। তা নিয়ে তুমুল বিতর্ক।
তবে রোনালদোর তাতে কী আসে যায়! যত যা-ই হোক, পরশুর রাতটা তো চ্যাম্পিয়নস লিগ মনে রাখবে ক্রিস্টিয়ানো রোনালদোর রাত হিসেবে—যে রাতে রোনালদো ইতিহাসে নাম লিখিয়েছিলেন।
যে রাতের রোনালদোর সঙ্গে একটা শব্দই সবচেয়ে ভালো যায়—উদ্ধারকর্তা। দল অস্বস্তিতে? রোনালদো আছেন! গোল লাগবে? রোনালদোকে বলো! দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে রবার্ট লেভানডফস্কির গোলে বায়ার্ন ফেরার হুমকি দিচ্ছিল, তা থেকে রিয়ালকে মুক্তি দিলেন ৭৬ মিনিটে দুর্দান্ত হেডে গোল করে। মিনিটখানেক পর সার্জিও রামোসের অদ্ভুত আত্মঘাতী গোলে দুই লেগ মিলিয়ে সমতায় ফেরে বায়ার্ন, সেখান থেকে অতিরিক্ত সময়ে দুই গোল করেই আবারও রিয়ালের ত্রাতা সেই রোনালদোই।
রোনালদো রিয়ালের উদ্ধারকর্তা, তবে বায়ার্নের সবচেয়ে বড় ক্ষতিটা করেছেন রেফারি। ৮৪ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে শেষ করে দিয়েছেন আর্তুরো ভিদালের ম্যাচ। অথচ ফাউলই হয়নি তাঁর। লড়াইটা তখনই চরম অসম হয়ে পড়ে। বিশেষ করে রোনালদো আর মার্সেলো হয়ে ওঠেন বায়ার্নের দুঃস্বপ্ন। ১০৪ মিনিটে রামোসের ক্রস দুর্দান্ত দক্ষতায় বুকে নামিয়ে বাঁ পায়ের ভলিতে জালে জড়িয়ে দেন রোনালদো। যদিও বিতর্ক আছে গোলটাতে, রামোসের ক্রসের সময় অফসাইড ছিলেন সিআর সেভেন। তার ৬ মিনিট পর হ্যাটট্রিকই হলো পর্তুগিজ তারকার।
হ্যাটট্রিক পূর্ণ করা গোলটিতে অবশ্য মার্সেলোর বড় অবদান। রিয়ালের জার্সিতে ৪০০তম ম্যাচ খেলতে নামা ব্রাজিলিয়ান লেফটব্যাক ম্যাচজুড়ে রক্ষণে-আক্রমণে আলো ছড়িয়েছেন। নিশ্চিত গোল বাঁচিয়েছেন দুবার, পাস দিয়েছেন ম্যাচে দ্বিতীয় সর্বোচ্চ ৬৮টি, গোলের সুযোগ তৈরি করেছেন আটটি, ড্রিবলিং করেছেন অন্য যে কারও চেয়ে বেশি। সবচেয়ে উজ্জ্বল হয়ে দেখা দিলেন ১১০তম মিনিটে। মাঝমাঠের একটু ওপর থেকে দুর্দান্ত দৌড়ের পর বলটা বাড়িয়ে দিলেন ফাঁকায় দাঁড়িয়ে থাকা রোনালদোকে, যা পেয়ে গোল না করে উপায় ছিল না রোনালদোর। ১১২ মিনিটে রিয়ালের শেষ গোলটি করেছেন মার্কো অ্যাসেনসিও।
তবে অন্য সবাই এক পাশে, এই ম্যাচের তো একটাই শিরোনাম—রোনালদোর ম্যাচ। অথচ এই তাঁকেই কিনা শুরুতে শিস দিয়ে বিদ্রূপ করেছে বার্নাব্যুর গ্যালারি! ম্যাচ শেষে তাই বার্নাব্যুর নায়ক বার্নাব্যুর সমর্থকদের কাছে যেন অনুনয়ই করলেন, ‘শুধু এতটুকুই চাই, যেন বার্নাব্যু কখনো আমাকে বিদ্রূপ না করে। সব ম্যাচেই তো সেরাটা দেওয়ার চেষ্টা করি। যদি গোল করতে না-ও পারি, তবু পরিশ্রম করে দলকে সাহায্য করতে চেষ্টা করি।’
রোনালদোর অতটুকু না বললেও চলত। তিনি কী করেছেন, ফুটবলের ইতিহাসেই তা স্বর্ণাক্ষরে লেখা। তবু রিয়াল কোচ জিনেদিন জিদান সমর্থকদেরই তা একটু মনে করিয়ে দিলেন, ‘রোনালদো যা বলার মাঠেই বলে। সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোয় নিজেকে উজাড় করে দেয়। সমর্থকদের উচিত ওকে আর দুয়ো না দেওয়া। যদিও এটা সান্তিয়াগো বার্নাব্যু, এমনটা এখানে হতেই পারে। তবে সমর্থকদের উচিত ও যা করেছে, সে জন্য ক্রিস্টিয়ানোকে ধন্যবাদ দেওয়া।’
এমন রাতের পরও এসব নিয়ে কথা বলতে হওয়াটাই হয়তো রোনালদোর যা একটু আক্ষেপ! মার্কা, এএফপি।