রোনালদোর রাতে রেকর্ড ছুঁল রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজের চতুর্থ ব্যালন ডি’অর হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স
নিজের চতুর্থ ব্যালন ডি’অর হাতে ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: রয়টার্স

ম্যাচের শুরুতেই সমর্থকদের নস্টালজিক করে দিল রিয়াল মাদ্রিদ। ক্রিস্টিয়ানো রোনালদো তাঁর ব্যালন ডি’অর ট্রফির আনন্দ ভাগাভাগি করলেন সান্তিয়াগো বার্নাব্যুর দর্শকদের সঙ্গে। সব সময়ই বর্ষসেরা ফুটবলাররা তা করেন। তবে এবার রিয়াল ব্যাপারটাকে আরও আবেগঘন করে তুলল সমর্থকদের জন্য। রোনালদোর জন্যও। পর্তুগিজ অধিনায়কের সঙ্গে যোগ দিলেন ক্লাবের আগের যত ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তিরা!
রোনালদো নাজারিও, রেমন্ড কোপা, ফিগো ও মাইকেল ওয়েন এসে দাঁড়ালেন রোনালদোর পাশে। আরেকজন তো ডাগআউটেই ছিলেন, জিনেদিন জিদান! তিনিও এলেন। ভিডিও বার্তায় একে একে যোগ দিলেন আরও দুজন—কাকা ও ফাবিও ক্যানাভারো। আর রোনালদোকে ব্যালন ডি’অর ট্রফিটা তুলে দিলেন পাকো জেন্তো। মোটামুটি শুরুতে তারায় তারায় পূর্ণ রোনালদোর রাত!
শুরুই যখন এমন আলোকচ্ছটায় পূর্ণ, রোনালদোর রাতের শেষটা কি আর খারাপ হতে পারে! হলোও না। গ্রানাডাকে ৫-০ গোলে উড়িয়ে দিল তো বটেই, রিয়াল ছুঁয়ে ফেলল একটা রেকর্ডও। গত মৌসুমেই বার্সেলোনার গড়া টানা ৩৯ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ডটাই এত দিন স্পেনেরও রেকর্ড ছিল, এবার তাতে ভাগ বসাল জিদানের দলও। গত এপ্রিলে চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ভলফসবুর্গের মাঠে হারের পর তাঁরাও অপরাজিত রইলেন টানা ৩৯ ম্যাচ!
অবশ্য তা হবে না, এমন কোনো শঙ্কা কি আদৌ ছিল! সব দিক থেকেই যে রিয়ালের উল্টো দিকে ছিল গ্রানাডা। রিয়াল এই ম্যাচ জিতে দুইয়ে থাকা বার্সার চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে লিগ শীর্ষে, গ্রানাডা নিচ থেকে দ্বিতীয়। এবার লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে রিয়াল পয়েন্ট খুইয়েছে ৮টি, গ্রানাডা পয়েন্ট পেয়েছেই ৯টি।
ব্যবধানটা শুরু থেকেই বুঝিয়ে দিচ্ছিল জিদানের দল। মাঝমাঠে দ্রুত পাসিং-প্রেসিং, আক্রমণে সৃষ্টিশীল! প্রথম গোলটা পেতে বেশিক্ষণ অপেক্ষাও করতে হলো না। ১২ মিনিটে বক্সের একটু ওপরে বল কেড়ে নেওয়া, সেখান থেকে বক্সে বল পেয়ে ইসকোর গোল। আট মিনিট পর দ্বিতীয়টি, এবার করিম বেনজেমা। অবশ্য বেনজেমা অফসাইড ছিলেন, যদিও সেটি রেফারির চোখে পড়েনি।
পুরো বার্নাব্যু যাঁর গোলের অপেক্ষায় ছিলেন, সেই রোনালদো গোল পেলেন ২৭ মিনিটে। বক্সের বাঁ পাশ থেকে মার্সেলোর ক্রস, হেড করে সেটিকে জালে জড়িয়ে দেওয়া রোনালদোর জন্য খুব বেশি কঠিন কিছু ছিল না।
২৭ মিনিটেই ৩ গোল! তখন পর্যন্ত তো মনে হচ্ছিল, গোলের দুই অঙ্কই না পূরণ করে ফেলে জিদানের দল। সম্ভাবনাটা আরেকটু উসকে দেন ইসকো। চার মিনিট পরই নিজের দ্বিতীয় গোল করেন মদরিচের ক্রস থেকে। তবে গ্রানাডা খেলোয়াড়দের স্বস্তি, আপাতত সেখানেই পড়ে রিয়ালের গোল-বিরতি। প্রথমার্ধে আর গোল করেনি। দ্বিতীয়ার্ধেও গোল দিয়েছে মাত্র একটি। নামটি চমক জোগানোর মতোই, কার্লোস কাসিমেরো! হামেস রদ্রিগেজের ফ্রি কিক জড়িয়ে দেন জালে। মৌসুমে এটি ব্রাজিলিয়ান মিডফিল্ডারের প্রথম গোল। সব মিলিয়ে মৌসুমে রিয়ালের ২১তম গোলদাতা তিনি।
এক রাতে এর চেয়ে বেশি আর কী চাইতে পারতেন রোনালদো? জিদানই বা আর কী-ই বা চাইতে পারতেন? সূত্র: সনি সিক্স।