রোনালদোর রিয়াজর জয়

কে জানে, ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে কী শত্রুতা ছিল গ্যালিসিয়া শহরের এই মাঠের! প্রতিপক্ষের কত মাঠে অবলীলায় গোল করেছেন, শুধু দেপোর্তিভো লা করুনার এই মাঠ, এই রিয়াজর স্টেডিয়াম—এখানে এসেই বারবার ব্যর্থ রোনালদো। লা লিগায় যত প্রতিপক্ষের সঙ্গে খেলেছেন, গোল পেয়েছেন সবার মাঠেই। শুধু এই রিয়াজরেই পরশুর আগ পর্যন্ত কোনো গোল ছিল না রিয়াল মাদ্রিদ উইঙ্গারের। দুবার লা লিগা আর একবার তেরেসা হেরেরা ট্রফিতে খেলতে এসে ফিরে গেছেন খালি হাতে। অবশেষে সেই অপয়া মাঠও জয় করলেন রোনালদো। গোল পেলেন রিয়াজরে!
আর গোলখরা কাটানোরও কী ধরন! বিরতির আগে দুই গোল, পরে একটি। রিয়াল মাদ্রিদের হয়ে তাঁর ২৪তম হ্যাটট্রিক। আগের তিন ম্যাচ কোনো গোল না পাওয়ার আক্ষেপ যেন এক ম্যাচেই ঘুচিয়ে নিতে চাইলেন রোনালদো। মজার ব্যাপার হচ্ছে, যে দেপোর্তিভোর বিপক্ষে ওদের মাঠে এত দিন কোনো গোল পাচ্ছিলেন না, সেই দেপোর্তিভোকেই নিজেদের মাঠে রীতিমতো নাচিয়ে ছেড়েছেন রোনালদো। বার্নাব্যুতে দেপোর্তিভোর বিপক্ষে সর্বশেষ তিন ম্যাচে রোনালদো একাই করেছেন ৬ গোল!
পরশুর ৩ গোলে লা লিগায় ১৮৩ গোল হয়ে গেল রোনালদোর। সেভিয়ার সাবেক স্প্যানিশ ফরোয়ার্ড হুয়ান আরজাকে পেরিয়ে এখন তিনি লা লিগার সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১২ নম্বরে। ২৫১ গোল নিয়ে এ তালিকায় শীর্ষে চল্লিশের দশকে অ্যাথলেটিক বিলবাওয়ের ‘গোলমেশিন’ স্প্যানিশ স্ট্রাইকার তেলমো জারা। জারা এখনো রোনালদোর চেয়ে অনেক এগিয়ে। তবে অন্য একটা কীর্তিতে হয়তো শিগগিরই সাবেক অ্যাথলেটিক বিলবাও স্ট্রাইকারকে ছুঁয়ে ফেলবেন কিংবা পেরিয়ে যাবেন ‘সিআর সেভেন’। লা লিগায় ২০তম হ্যাটট্রিক করে টপকে গেছেন ১৯টি করে হ্যাটট্রিকের মালিক লিওনেল মেসি ও চল্লিশের দশকে ভ্যালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার এডমুন্ডো সুয়ারেজকে। লিগে সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটা যুগ্মভাবে রিয়ালেরই আরেক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো ও তেলমো জারার (২২টি)। যেভাবে এগোচ্ছেন, তাতে ডি স্টেফানো আর জারাকে পেরিয়ে যাওয়াটা রোনালদোর জন্য শুধু সময়ের ব্যাপার। পুরো মৌসুমটাই সামনে পড়ে আছে। এক ২০১১-১২ মৌসুমেই যিনি ৭টি হ্যাটট্রিক করেছিলেন, এবার বাকি মৌসুমে আরও দু-তিনটি হ্যাটট্রিক তো তিনি করে ফেলতেই পারেন। মার্কা।
লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিক
২২ আলফ্রেডো ডি স্টেফানো (১৯৫৩-৬৪, রিয়াল মাদ্রিদ)
২২ তেলমো জারা (১৯৪০-৫৫, অ্যাথলেটিক বিলবাও)
২০ ক্রিস্টিয়ানো রোনালদো (২০০৯-বর্তমান, রিয়াল মাদ্রিদ)
১৯ এডমুন্ডো সুয়ারেজ (১৯৩৯-৫০, ভ্যালেন্সিয়া)
১৯ লিওনেল মেসি (২০০৪-বর্তমান, বার্সেলোনা)