রোনালদোর রিয়াল ছাড়া স্রেফ গুজব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রোনালদোকে অন্য ক্লাবের জার্সিতে কল্পনাও করতে পারেন না মদরিচ
রোনালদোকে অন্য ক্লাবের জার্সিতে কল্পনাও করতে পারেন না মদরিচ

পর্তুগিজ তারকার রিয়াল মাদ্রিদ ছাড়া নাকি সময়ের ব্যাপার। তবে রোনালদো রিয়াল ছাড়বেন—কথাটা বিশ্বাস করতে পারছেন না ক্লাব-সতীর্থ লুকা মদরিচ

কিছু সত্যি দুয়ারে এসে কড়া নাড়লেও মনে হয়, এ যেন মিথ্যা হয়। এ যেন ভুল হয়! রিয়ালের অনেক সমর্থকের মতো লুকা মদরিচও এখন সেই কাতারে। তাঁর মন খুব করে চাইছে, খবরটা যেন সত্যি না হয়। স্রেফ গুজব বলেই প্রমাণ হয়ে যায় শেষ পর্যন্ত!

রিয়াল মাদ্রিদ ছেড়ে রোনালদো জুভেন্টাসে যাচ্ছেন, এটা যদিও আর গুঞ্জনের মধ্যে নেই। খোদ জুভেন্টাস বিবৃতি দিয়ে যতটুকু বোঝানোর বুঝিয়ে দিয়েছে। ‘চেষ্টা চলছে’। দুই পক্ষে দর-কষাকষি জমে উঠেছে, এটাও পরিষ্কার। তবে রোনালদো আর রিয়ালের জার্সিতে খেলবেন না, এটা এখনো অনেকে মানতে চাইছেন না। বিশেষ করে রিয়াল–সমর্থকদের একটা বড় অংশ। তাঁদের দলে আছেন মদরিচও। ক্রোয়েশিয়ার এই বিশ্বকাপ মাতানো মিডফিল্ডারের কথা, শেষমেশ রোনালদো ঠিকই রিয়াল মাদ্রিদে থেকে যাবেন!

গতকাল রাশিয়াকে হারিয়ে বিশ্বকাপে শেষ চার নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ২০ বছর পর সেমিফাইনাল নিশ্চিত হলো। এমন খুশির দিনেও রোনালদোর ব্যাপারটি নিয়ে কথা বলতে হলো মদরিচকে। মনে তিনি কী ভাবেন কে জানে। তবে মুখে বললেন, এটাকে তাঁর গুজব বলেই মনে হয়, ‘আমি কখনোই রোনালদোকে অন্য ক্লাবের জার্সিতে কল্পনা করতে পারব না। দেখুন না কী হয়। আমি মনে করি না রোনালদো রিয়াল মাদ্রিদ ছাড়বে।’