রোনালদোর রিয়াল ছাড়ার আরেক ইঙ্গিত!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
ক্রিস্টিয়ানো রোনালদো। ছবি: এএফপি
>ইতালিয়ান একটি রক্তদান সংস্থার সঙ্গে চুক্তি করেছেন রোনালদো

হাটে হাঁড়ি ভেঙে দেওয়ার মতো কিছু হয়নি। তবে যা করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, জুভেন্টাসে যাওয়ার গুঞ্জনে বাতাস দেওয়ার জন্য তাই–বা কম কী! তিনি যে রিয়াল মাদ্রিদ ছেড়ে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যাচ্ছেন, বিষয়টি প্রায় নিশ্চিত হয়েই গেল। তাই যদি না হবে, এমন সময়ে কেন ইতালিয়ান একটি রক্তদান সংস্থার সঙ্গে চুক্তি করবেন পর্তুগিজ যুবরাজ!

সপ্তাহ ধরে জোর গুঞ্জন, রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কে ইতি টানতে যাচ্ছেন রোনালদো। নতুন গন্তব্য জুভেন্টাস। রোনালদোর দল বদলের গুঞ্জনে অনেক বিশ্বস্ত সূত্রই দুয়ে দুই চার মেলাচ্ছিল। এই যেমন রোনালদোর জন্য জুভেন্টাস প্রেসিডেন্টের বাসা ঠিক করে ফেলা। তবে চূড়ান্ত সিদ্ধান্ত আসার কথা ছিল মঙ্গলবার রিয়াল মাদ্রিদ বোর্ড সভায়। সেখানেই নাকি রিয়াল মাদ্রিদ প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনা পেরেজের মুখ থেকে চূড়ান্ত ঘোষণা আসার কথা, রোনালদোকে বিক্রি করে দিয়েছে রিয়াল। কিন্তু ইতালিয়ান একটি রক্তদান সংস্থার সঙ্গে রোনালদোর চুক্তি নিশ্চিত হওয়ায় আগামীকাল পর্যন্ত বুঝি আর অপেক্ষা করতে হচ্ছে না।

রক্তদান সংস্থাটির নাম এসোসিওজিওন ভলন্টারি ইতালিয়ানি সাঙ্গু। বেলানোতে অবস্থিত সংস্থাটি রক্তদানে উৎসাহিত করার জন্য তাদের কোম্পানির প্রচারের সঙ্গে রোনালদোর ছবি ব্যবহার করবে। পরবর্তীকালে রোনালদোকে নিয়ে তারা একটি ভিডিও প্রচার করবে।

২০০৯-১০ মৌসুমে রেকর্ড ৯৪ মিলিয়ন ইউরোতে ইউনাইটেড থেকে রোনালদোকে দলে ভিড়িয়েছিল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। তারপর লস ব্লাঙ্কোদের হয়ে অবিশ্বাস্য ফুটবল দেখিয়েছেন বিশ্বকে। রিয়াল মাদ্রিদকে চারবার এনে দিয়েছেন ইউরোপ সেরার মুকুট। নিজেও পেয়েছেন ব্যক্তিগত অনেক সাফল্য। অথচ বর্তমান বিশ্বের সেরা ফুটবলার হয়েও বেতনের দিক থেকে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় নন তিনি।

এ ছাড়া সম্প্রতি স্পেনের আদালত কর ফাঁকির মামলায় দুই বছরের জেল দিয়েছেন বিশ্বসেরা ফুটবলারকে। অন্যদিকে রিয়ালও নেইমারকে দলে ভেড়ানোর চেষ্টা করছে বহুদিন ধরে। এমন খবরে খুব একটা খুশি নন রোনালদো। আবার রিয়ালও একটা বিষয় বুঝতে পারছে যে ৩৩ বছর বয়সী রোনালদোকে এখন যদি বিক্রি না করা যায়, পরের মৌসুমেই আর দাম পাওয়া না-ও যেতে পারে। ক্লাব থেকেও নাকি ভাবা হচ্ছে, রোনালদো যদি যেতে চান, তবে আটকে রাখা হবে না তাঁকে।

এর সঙ্গে এখন যোগ হলো রোনালদোর ইতালিয়ান রক্তদান সংস্থার সঙ্গে চুক্তি। রোনালদোর ক্লাব বদলের গুঞ্জনটা সত্যি হতে আর বাকি কোথায়!