রোনালদোর লাল কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে লাথি মেরে বসায় লাল কার্ড দেখতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। কাল লা লিগায় কর্দোবার সঙ্গে  l এএফপি
মেজাজ হারিয়ে প্রতিপক্ষকে লাথি মেরে বসায় লাল কার্ড দেখতে হলো ক্রিস্টিয়ানো রোনালদোকে। কাল লা লিগায় কর্দোবার সঙ্গে l এএফপি

পুরো ম্যাচেই হয়ে ছিলেন নিজের ছায়া। বল ধরতে পারছিলেন না, শটগুলো চলে যাচ্ছিল পোস্টের বাইরে দিয়ে। সেই হতাশা থেকেই হয়তো ৮২ মিনিটে এসে মেজাজ হারিয়ে বসলেন ক্রিস্টিয়ানো রোনালদো, চড় ও লাথি মেরে বসলেন কর্দোবার এডিমারকে। রেফারি লাল কার্ড দেখাতে এক মুহূর্ত দেরি করেননি। রোনালদোর মতো রিয়াল মাদ্রিদেরও রাতটা হতাশারই হতে পারত। শেষ পর্যন্ত গ্যারেথ বেলের পেনাল্টি রিয়ালকে এনে দিয়েছে ২-১ গোলের জয়। পরে এলচেকে ৬–০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। জোড়া গোল করেছেন মেসি ও নেইমার, অন্য দুইটি পিকে ও পেদ্রোর।
নিজেদের মাঠে স্বপ্নের মতো শুরু করেছিল কর্দোবা। তিন মিনিটের মধ্যেই সার্জিও রামোস হ্যান্ডবল করে পেনাল্টি পাইয়ে দেন স্বাগতিকদের। গোল করে দলকে এগিয়ে দেন আলজেরিয়ার নাবিল ঘিলাস। তবে ২৭ মিনিটেই সমতা নিয়ে আসে রিয়াল, হামেস রদ্রিগেজের কর্নারটা ফ্লিক করে দিয়েছিলেন বেল। করিম বেনজেমা বল পেয়ে জালে জড়িয়ে দিতে ভুল করেননি। রিয়াল স্ট্রাইকারের এটা ছিল মৌসুমের ১৫তম গোল।
তবে কর্দোবা বারবারই আতঙ্ক ছড়াচ্ছিল রিয়ালের রক্ষণে। বিরতির পর রাফায়েল ভারানের ভুলে গোল প্রায় পেয়েই গিয়েছিল। কিন্তু কারতাবিয়ার শট ফিরে আসে বারে লেগে। পরে ফ্লোরিন আন্দোনের একটা চেষ্টা ব্যর্থ করে দেন ইকার ক্যাসিয়াস।
রোনালদোর লাল কার্ডে মনে হচ্ছিল রিয়ালকে ড্র নিয়েই ফিরতে হবে। কিন্তু ৮৭ মিনিটে বেলের ফ্রিকিকে হাত লাগিয়ে দেন সেই কারতাবিয়াই, দেখতে হয় লাল কার্ড। পেনাল্টি থেকে গোল করে রিয়ালকে আনন্দের উপলক্ষ এনে দেন বেল।
ইংল্যান্ডে কাল ছিল অঘটনের রাত। এফএ কাপের চতুর্থ রাউন্ডে একই দিনে হেরে বসেছে চেলসি, ম্যানচেস্টার সিটি, সাউদাম্পটন ও টটেনহাম। সবচেয়ে বড় বিস্ময়, সব ক্লাবই হেরেছে নিজেদের মাঠে! দ্বিতীয় বিভাগের মিডলসবরোর সঙ্গে সিটির হার ২-০ গোলে, তৃতীয় বিভাগের ব্রাডফোর্ড সিটির সঙ্গে দুই গোলে এগিয়ে গিয়েও চেলসি হেরে বসেছে ৪-২ গোলে। স্টার স্পোর্টস।