রোনালদোর শুটিং বুট ঠিক আছে তো?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জিনেদিন জিদান আজ ম্যাচের আগে সম্ভবত একটি জিনিসই বেশি করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবেন‍—ক্রিস্টিয়ানো রোনালদোর বুটজোড়া ঠিক আছে তো!

কোনো স্ট্রাইকার গোল না পেলে, বা একের পর এক সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে মজা করে বলা হয়, তিনি হয়তো শুটিং বুটটা পরে নামেননি। লোকটা রোনালদো বলে হয়তো মজা করে নয়, বরং সত্যিই কথাটা বলতে হচ্ছে। না হলে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ডের গোল না পাওয়ার আর কীই-বা কারণ থাকতে পারে! গোলমুখে বিশ্বের সবচেয়ে ভয়ংকর ফুটবলার তিনি, অথচ এবার লিগে ছয় ম্যাচে পর্তুগিজ তারকার গোল মাত্র দুটি। সব প্রতিযোগিতা মিলিয়ে নয় ম্যাচে চারটি। লিগে আজ আলাভেসের মাঠে খেলতে নামার আগে জিদান রোনালদোর বুটজোড়ায় চোখ রাখতেই পারেন।

স্প্যানিশ লিগে সবার ওপরে থাকা রিয়ালের শিরোপা প্রতিদ্বন্দ্বীদের মধ্যে আজ মাঠে নামছে চার দল। পয়েন্ট তালিকায় তিনে থাকা বার্সেলোনা খেলবে গ্রানাডার বিপক্ষে, পাঁচে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের প্রতিপক্ষ মালাগা। আর এখন পর্যন্ত রিয়ালের ঘাড়ে যাদের নিশ্বাসটা সবচেয়ে তপ্ত, সেই সেভিয়া যাবে স্পোর্টিং গিজনের মাঠে।

কাগজে-কলমে কারোরই পরীক্ষা কঠিন নয়। তাই রোনালদোর স্বরূপে ফেরা না-ফেরার প্রশ্নটাই বড় হয়ে উঠছে। এই মাসের শুরুতে টানা চার ম্যাচে ড্রয়ের ‘অচলায়তন’ ভাঙার পর রিয়াল গত চার ম্যাচে গোল করেছে ২০টি। তাতে রোনালদোর অবদান মাত্র ১ গোল! যদিও কোচ জিদান বলছেন তিনি উদ্বিগ্ন নন, ‘আমি অবশ্যই চাই ও প্রতি ম্যাচেই দু-তিনটি গোল করুক। কিন্তু আমার দুশ্চিন্তাও নেই। কারণ জানি, অবস্থাটা কেটে যাবে।’

রিয়ালের জার্সিতে এ মুহূর্তে সবচেয়ে ভয়ংকর স্ট্রাইকার আলভারো মোরাতাও সুর মেলাচ্ছেন জিদানের সঙ্গে, ‘যখন কেউ প্রতি মৌসুমে ৭০টির মতো গোল করে, বুঝতে হবে তার গোলের নেশা আছে। আমাদের জন্য সে এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, আমরা আশাও করি সে অনেক অনেক গোল করবে। কিন্তু সে তো আর মেশিন নয়।’

রোনালদো যখন এমন ডানা-ছাঁটা, তাঁর ‘প্রতিদ্বন্দ্বী’ লিওনেল মেসি রীতিমতো উড়ছেন। মাঝে চোটে পড়ে এক মাস ছিলেন মাঠের বাইরে, তবু ৭ গোল নিয়ে সতীর্থ লুইস সুয়ারেজের পাশে লিগের সর্বোচ্চ গোলদাতা বার্সেলোনা ফরোয়ার্ড। আজও দুজন জ্বলে উঠলে, পাশাপাশি নেইমারও ছন্দে থাকলে লিগে এখনো জয়হীন গ্রানাডার জন্য দুঃস্বপ্নই হয়তো অপেক্ষা করছে। এএফপি।