রোনালদোর শেষ বিশ্বকাপের স্বপ্নে বাধা ইতালি

সার্বিয়ার বিপক্ষে রেফারির ভুল সিদ্ধান্ত রোনালদোর বিশ্বকাপ স্বপ্নই ধুসর করে দিতে পারেফাইল ছবি: রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউস আশা করছিলেন আগামী বিশ্বকাপে ইতালি ও পর্তুগাল—দুই দলকেই দেখা যাবে। বাছাইপর্বের প্লে-অফের আগে বলেছিলেন, ‘ক্রিস্টিয়ানো রোনালদোর মতো ব্যক্তিত্ব ফিফা বিশ্বকাপে না থাকলে হয় না। ইতালির ক্ষেত্রেও সেটা সত্য। ইন্টার মিলানে অসাধারণ সময় কাটিয়েছি। ফলে আজ্জুরিরা আমার হৃদয়ে সব সময় একটা অংশ জুড়ে থাকে।’

এভাবে ম্যাথাউসকে হতাশ হতে হবে কে জানত? এক দল বর্তমান ইউরোজয়ী, আরেক দল ইউরো জিতেছে ২০১৬ সালে। সে দুই দলের একটি কিনা থাকবে না কাতার বিশ্বকাপে। বিশ্বকাপ বাছাইপর্বে ইউরোপিয়ান অঞ্চলে নিজেদের গ্রুপে সেরা হতে পারেনি ইতালি ও পর্তুগাল। নিজেদের বিশ্বকাপ যাত্রাটা তাই অন্তত মার্চ পর্যন্ত ঝুলে গেছে তাদের। আজ বিশ্বকাপের প্লে-অফে নিজেদের যাত্রার বাকিটুকুও জেনে গেল দুই দল। প্লে-অফের এক দিকেই পড়ায় এই দুই দলের যেকোনো এক দলেরই শুধু সুযোগ থাকছে বিশ্বকাপে যাওয়ার।

ইউরো শিরোপা নিয়ে উৎসবের আবহে ইতালি দল
ছবি: রয়টার্স

ইউরোপিয়ান অঞ্চলের বাছাইপর্বে নিজ নিজ গ্রুপের সেরা সব দল বিশ্বকাপে চলে গেছে। ১০ গ্রুপের ১০ রানার্সআপ ও নেশনস লিগে ভালো করেছে কিন্তু বিশ্বকাপে জায়গা করতে পারেনি এমন দুই দলকে (অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র) নিয়ে আয়োজিত হবে বিশ্বকাপের বাছাইপর্ব। এই ১২ দলকে তিনটি ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। এক একটি ভাগের চার দলের মধ্যে প্রথমে সেমিফাইনাল হবে। আর সেখান থেকে ফাইনালে যাবে দুই দল। ফাইনালের বিজয়ী দল যাবে বিশ্বকাপে। এভাবে তিন ভাগ থেকে তিনটি দল যাবে কাতার বিশ্বকাপে।

জুরিখে ফিফার সদর দপ্তরে হওয়া এই প্লে অফের ড্রতে বাছাই দল হিসেবে ছিল ছয়টি দল—পর্তুগাল, স্কটল্যান্ড, ইতালি, রাশিয়া, সুইডেন, ওয়েলস। অবাছাই দল হিসেবে ছিল তুরস্ক, পোল্যান্ড, উত্তর মেসেডোনিয়া, ইউক্রেন, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র। বাছাই হওয়ার সুবিধা হিসেবে দলগুলো সব ঘরের মাঠে খেলার সুযোগ পাচ্ছে।

তুলনামূলক সহজ পথ ওয়েলসের
ছবি : টুইটার

প্রথম ভাগে একদিকের সেমিফাইনালে খেলবে স্কটল্যান্ড। এই ভাগের অন্য সেমিফাইনালে খেলবে ওয়েলস। অন্য ভাগে একদিকে বাছাই দল হিসেবে নাম উঠেছে রাশিয়ার। সে ভাগের অন্য বাছাই দল হিসেবে নাম উঠেছে সুইডেনের। আর তাতেই নিশ্চিত হয়েছে, তৃতীয় ভাগে দুই বাছাই দল হিসেবে থাকছে ইতালি ও পর্তুগাল। আর এই ভাগ থেকে শুধু এক দল যাওয়ার মানেই তো কপাল পুড়ছে রোনালদোদের কিংবা মানচিনির দলের।

২০১৮ বিশ্বকাপও খেলা হয়নি ইতালির। সে হতাশা কাটিয়ে এবার ইতালিকে ইউরো জিতিয়েছেন কোচ রবার্তো মানচিনি। গড়েছেন অপরাজিত থাকার বিশ্ব রেকর্ড। কিন্তু বিশ্বকাপে জায়গা করার ক্ষেত্রে মানচিনিও হতাশ করেছেন। সুবিধাজনক অবস্থায় থেকেও গ্রুপে শীর্ষে থাকতে পারেনি ইতালি। এবারও নিজেদের ভাগে দুর্দান্ত সব তারকায় ঠাসা পর্তুগালকে প্রতিপক্ষ হিসেবে পেল দলটি।

শেষ বিশ্বকাপ খেলা হবে লেভানডফস্কির
ফাইল ছবি: রয়টার্স

সেমিফাইনালে কে কার মুখোমুখি:

প্রথম ভাগ

স্কটল্যান্ড বনাম ইউক্রেন

ওয়েলস বনাম অস্ট্রিয়া

দ্বিতীয় ভাগ

রাশিয়া বনাম পোল্যান্ড

সুইডেন বনাম চেক প্রজাতন্ত্র

তৃতীয় ভাগ

ইতালি বনাম মেসেডোনিয়া

পর্তুগাল বনাম তুরস্ক

আগামী ২৪ ও ২৫ মার্চ হবে ভাগগুলোর সেমিফাইনাল। আর বিশ্বকাপ নিশ্চিত করা ফাইনাল ২৮ ও ২৯ মার্চ।