দেশকে জয় উপহার দিলেন রোনালদো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে রোনালদোর একমাত্র গোলে জয় পায় পর্তুগাল। ছবি: রয়টার্স
ইউরো ২০১৬ চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে রোনালদোর একমাত্র গোলে জয় পায় পর্তুগাল। ছবি: রয়টার্স

ক্রিস্টিয়ানো রোনালদোই শেষ পর্যন্ত বাঁচালেন পর্তুগালকে। তাঁর শেষ মুহূর্তের গোলে কাল ইউরো বাছাইয়ে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। 
প্রথম ম্যাচে আলবেনিয়ার কাছে হেরে বিদায়ঘণ্টা বেজেছিল কোজ পাওলো বেন্তোর। ডেনমার্কের বিপক্ষে ম্যাচটা তাই নতুন কোচ ফার্নান্দো সানতোসের জন্য ছিল একধরনের চ্যালেঞ্জই। এমনিতে সানতোস কোচ হিসেবে নিজের প্রথম ম্যাচে এই কদিন আগেই ফ্রান্সের কাছে আত্মসমর্পণ করেছিলেন ২-১ গোলে। কালকের জয়টি তাই ছিল পর্তুগাল ও সানতোসের কাছে প্রখর খরতাপে এক পশলা বৃষ্টির মতোই আরাধ্য।
রোনালদো বিফল করেননি নতুন কোচকে। খেলাটি যখন নিশ্চিত গোলশূন্য ড্রয়ের দিকে এগোচ্ছে, ঠিক তখনই শূন্যে ভেসে নেওয়া তাঁর হেডটি লক্ষ্যভেদ করল ডেনিশ গোলপোস্টে। রিকার্ডো কারেসমার ক্রসটির অবদান অবশ্য এ ক্ষেত্রে দারুণ গুরুত্বপূর্ণ। 
পুরো খেলায় ডেনিশ গোলরক্ষক ক্যাসপার স্মাইকেল খেলেছেন অসাধারণ। খেলার সপ্তম মিনিটেই রোনালদোর একটি নিশ্চিত শট তিনি রুখে দেন। ফিরতি বলেও স্মাইকেলকে পরাভূত করতে পারেননি রোনালদো। কিছুক্ষণ পর নানির একটি প্রচেষ্টাও অসাধারণ দক্ষতায় ফিরিয়ে দেন এই স্মাইকেল। 
ডেনমার্ক নিজেদের অবশ্য দুর্ভাগা ভাবতেই পারে। খেলায় তাদের প্রাধান্য থাকলেও তাদের একজন রোনালদো ছিল না। মিচেল ক্রোন-ডেহলির একটি শট ম্যাচের ৩৪ মিনিটে পর্তুগালের পোস্টে লেগে ফেরত আসে।

ম্যাচ শেষে স্বাভাবিকভাবেই রোনালদো-বন্দনায় মুখর ছিলেন পর্তুগাল কোচ সানতোস। তিনি সোজা-সাপ্টাই জানিয়ে দিয়েছেন, ‘রোনালদো, রোনালদোই। তার সঙ্গে কারও তুলনা হয় না। সে একজন বিজয়ী। কোনো নির্দিষ্ট বিশেষণে তাকে অভিহিত করা মস্ত বড় বোকামি।’ সূত্র: এএফপি