রোনালদোর সঙ্গে তুলনা নয়...

নিয়তিই আসলে তাঁদের বেঁধে ফেলেছে বন্ধনহীন গ্রন্থিতে। ক্যারিয়ারের শুরু থেকেই সমসাময়িক বাকিদের ছাপিয়ে তাঁরা নিজেদের নিয়ে গেছেন অন্যগ্রহে। দূর থেকে কখনো একে মনে হয় উজ্জ্বল। কখনো বা ওকে। নিজেরা চান বা না চান, লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর মধ্যে এই তুলনা চলবেই। একে অন্যকে ছাড়িয়ে যাওয়ার জন্য নিজেরা কি কোনো তাগিদ অনুভব করেন? করলেও আগে দুজনের কেউই সেটা স্বীকার করেননি। কাল লিওনেল মেসি আবারও দাবি করলেন, রোনালদোর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করার কোনো ইচ্ছাই নেই তাঁর।
মেসি-রোনালদোর নাম আসলেই ‘দ্বৈরথ’ শব্দটা যেন জিবের ডগায় চলে আসে। তবে মেসি জানালেন এটা নিয়ে তাঁর কোনো উৎসাহ নেই, ‘ক্রিস্টিয়ানোর সঙ্গে তুলনা? ওর সঙ্গে দূরে থাক, কারও সঙ্গেই আমি কখনো প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আর খেলাটা তো ব্যক্তিগত নয়, আমি আমার দলকে সাহায্য করতে চাই।’
শুধু রোনালদোর সঙ্গে হলে না হয় কথা ছিল। দুই যুগের, দুই সময়ের খেলোয়াড় হয়েও ম্যারাডোনার সঙ্গে প্রায়ই মেসির তুলনা চলে আসে। সর্বকালের সেরাদের তালিকায় মেসির স্থান কোথায়, সেটা নিয়েও চলে পাল্টাপাল্টি তর্ক। বার্সেলোনা ফরোয়ার্ড এসব ব্যাপারে একেবারেই নিরাসক্ত, ‘আমি ফুটবল ইতিহাসে নিজের স্থান নিয়ে ভাবি না। আমি শুধু নিজেকে আরও ভালো করতে চাই। দলকে নিয়ে আরও অনেক ট্রফি জিততে চাই।’
গত মৌসুমে মৃদু গুঞ্জন উঠেছিল, মেসি বার্সেলোনায় খানিকটা অসুখী। গত মে মাসে বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির পর এসব শুধু গুজব বলেই প্রমাণিত হয়েছে। মেসির দাবি, চুক্তিটা করতে দুবারও ভাবেননি, ‘সবকিছুই খুব ভালোমতো হয়েছে। ব্যাপারটা মসৃণভাবেই হয়েছে। আর আমি ক্লাব ছাড়ার ব্যাপারে কখনোই ভাবিনি। এই মৌসুমে আমরা দারুণ কয়েকজন খেলোয়াড়কে নিয়ে এসেছি। তারা দলের সঙ্গে দ্রুত খাপও খাইয়ে নিয়েছে। আমাদের দলটা দারুণ।’ গোলডটকম।