রোনালদোর সঙ্গে প্রতারণা করেছিল বার্সা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৯৯৭ সালে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন রোনালদো। ফাইল ছবি।
১৯৯৭ সালে বার্সেলোনা ছাড়তে বাধ্য হয়েছিলেন রোনালদো। ফাইল ছবি।

এক মৌসুম বার্সেলোনায় খেলেছিলেন কিংবদন্তি ব্রাজিলিয়ান স্ট্রাইকার রোনালদো। ১৯৯৬-৯৭ লা লিগায় মাত্র ৩৭ ম্যাচ খেলে ৩৪ গোল! সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে ৪৭ গোল। তারপরেও তাঁকে ইন্টার মিলানের কাছে বিক্রি করে দিয়েছিল বার্সেলোনা। কেন? ‘দ্য ফেনোমেনোন’-এর অভিযোগ বার্সা প্রতারণা করেছিল তাঁর সঙ্গে!

রোনালদোর দাবি, তিনি বার্সেলোনায় থাকতেই চেয়েছিলেন। কিন্তু ক্লাব কর্তৃপক্ষের কারণেই সেটি সম্ভব হয়নি, ‘বার্সেলোনার হয়ে খেলার অভিজ্ঞতা দারুণ। কিন্তু সেখানে থাকা আমার পক্ষে সম্ভব ছিল না। যদিও এর পেছনে আমার কোনো দোষ নেই।’
ইএসপিএনের সঙ্গে এক সাক্ষাৎকারে এত দিন পর ভেতরের ক্ষোভ উগরে দিলেন ব্রাজিল স্ট্রাইকার, ‘মৌসুম শেষ হওয়ার মাসখানেক আগেই আমি চুক্তি নবায়নের ব্যাপারে ওদের (বার্সেলোনা) সঙ্গে একমত হয়েছিলাম। কিন্তু ঠিক এক সপ্তাহ পরেই বার্সেলোনার আইনজীবী ও সভাপতি বললেন, আমার সঙ্গে চুক্তিটি নাকি অযৌক্তিক। তাই রিলিজ ক্লজ অনুযায়ী যে ক্লাব আমার জন্য ২৯ মিলিয়ন ইউরো দিতে রাজি হবে, তাদের কাছেই আমাকে বিক্রি করে দেবেন।’
শুধু তাই নয়, রোনালদোর দাবি, বার্সা এখনো এভাবেই খেলোয়াড়দের সঙ্গে প্রতারণা করে, ‘ওরা এখনো চুক্তি করার সময় খেলোয়াড়দের সঙ্গে এ রকম প্রতারণা করে। শুধু পন্থাটা বদলেছে। যেমন নেইমারের সঙ্গে ওদের চুক্তিটাই ধরুন। কী হয়েছে, সেটা তো আমরা কেউ জানি না।’
রোনালদো ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত ইন্টার মিলানে খেলে আবারও লা লিগায় ফেরেন রোনালদো। তবে এবার বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে। রিয়ালের হয়ে সব ধরনের টুর্নামেন্টে ১৭৭ ম্যাচে ১০৪ গোলই শুধু করেননি, দুইবার জেতেন লা লিগাও। স্পেনের শীর্ষ দুই ক্লাবে খেললেও তাই তাঁর কাছে বার্সার চেয়ে রিয়াল সব সময় বেশি আপন। ইএসপিএন।