রোনালদোর সঙ্গে বাজে সম্পর্ক মরিনহোর!

তাঁরা দুজনেই এক দেশের। ফুটবলের পর্তুগালের সবচেয়ে বড় দুই বিজ্ঞাপন তাঁরাই। অথচ, তাঁদের মধ্যেই কিনা মুখ দেখাদেখি একেবারেই বন্ধ! ব্যক্তিগত সম্পর্কের জায়গাটায় দুজনেরই রয়েছে প্রচণ্ড অনীহা! কিন্তু কেন?
ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে মরিনহোর প্রসঙ্গেই কথাগুলো বলা হচ্ছে। রিয়াল মাদ্রিদের কোচের পদটি ছেড়ে দেওয়ার পর যতোবারই তাঁর সামনে রোনালদোর প্রসঙ্গ উঠেছে, ততবারই একটা বিরক্তি আর অনীহা ফুটে উঠেছে মরিনহোর অভিব্যক্তিতে। কখনো হয়তো অশ্রদ্ধার মনোভাব পোষণ করেননি, কিন্তু কাঁটা কাঁটা মন্তব্যে ইঙ্গিত দিয়েছেন রোনালদোর সঙ্গে তাঁর ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে। এই তো সেদিনও এক সংবাদ সম্মেলনে স্টামফোর্ড ব্রিজে রোনালদোর আসার সম্ভাবনা আছে কি না, এই প্রশ্নের জবাবে বিরক্তির সঙ্গে বলেছেন, ‘রোনালদোর ব্যাপারটি ভুলে যান, যত দিন আমি চেলসির কোচ আছি, তত দিন সে যে এখানে আসছে না—এটা নিশ্চিত।’
তার মানে তো এই-ই যে স্বদেশি মহাতারকার সঙ্গে ব্যক্তিগত পর্যায়ে সম্পর্কটা একেবারেই খারাপ মরিনহোর। এ বিষয়ে সরাসরি কিছু না বললেও দাঁত-মুখ খিঁচিয়ে মন্তব্য করেছেন, ‘রোনালদো রিয়ালের খেলোয়াড়, আমি চেলসির কোচ। রাস্তায় দাঁড়িয়ে তো আর ওর সঙ্গে আড্ডা মারা সম্ভব নয়। ব্যক্তিগত সম্পর্ক বলতে আপনারা কী বোঝেন?’
ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের বিষয়টি দিয়ে কিন্তু মরিনহোর সঙ্গে রোনালদোর ব্যক্তিগত সম্পর্ক বিশ্লেষণ করা যায় দারুণভাবে। এই মৌসুমে চেলসির ঘরের ছেলে দল ছেড়ে যোগ দিয়েছেন ম্যানচেস্টার সিটিতে। ব্যাপারটি নাকি মরিনহোর কাছে একেবারেই অপ্রত্যাশিত, ‘আমি জানি না সে কেন চেলসি ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দিল। তবে আমি মনে করি এটাই ফুটবল, আমি ওর ব্যক্তিগত মতামতকে শ্রদ্ধা করি। অসম্ভব শ্রদ্ধা করি ব্যক্তি ল্যাম্পাডকেও।’
ল্যাম্পার্ডের প্রসঙ্গে যে রকম ‘গদগদ’ মরিনহো, রোনালদোর ব্যাপারে ঠিক ততটাই চাঁচাছোলা। এর ব্যাখ্যায় গিয়ে মরিনহোর মন্তব্য, ‘রোনালদো রিয়ালে আমার অধীনে খেলেছেন। সে খেলোয়াড় হিসেবে দুর্দান্ত। যেন এক গোল মেশিন। তবে ওকে নিয়ে আমার ভালো স্মৃতি যেমন আছে, ঠিক তেমনি আছে খারাপ স্মৃতি। তবে আমি ব্যক্তি রোনালদোর ভালোই চাই সব সময়। আমি চাই সে ক্লাবের হয়ে ভালো করুক। দেশের হয়ে ওর কাছে রয়েছে আমার প্রত্যাশা। তবে এতটুকু বলতে পারি, রিয়াল ছাড়ার পর ওর সঙ্গে আমার ফোনে একদিনও কথা হয়নি। সামনাসামনিও দেখা হয়নি এক মুহূর্তের জন্য।’ সূত্র: ইএসপিএন এফসি