রোনালদোর সামনে ভিয়ারিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

গত সপ্তাহের কথা। খেলা চলছে রিয়াল মাদ্রিদ-দেপোর্তিভোর। আলভারো আরবেলোয়ার ক্রসে মাধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখানো একটা লাফ দিয়ে হেড করলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফল একটাই, গোল!
দৃশ্যটা আসলে প্রতীকী। আকাশ ছুঁতে যাওয়া লাফে রোনালদো যেন প্রতিনিয়তই মনে করিয়ে দিচ্ছেন, নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যেতে চান। বিশেষ করে এই মৌসুমেই রোনালদোর প্রতিজ্ঞাটা যেন বেশি, আরও বেশি ক্ষুধার্ত। এর মধ্যেই দুই হ্যাটট্রিকসহ পাঁচ ম্যাচে করে ফেলেছেন ৯ গোল, গত দুই ম্যাচেই ৭টি। আজ ভিয়ারিয়াল কি ছিন্নভিন্ন হবে রোনালদোর কাছে?
উত্তরটা রাতের জন্যই তোলা থাক। তবে রোনালদোর মৌসুমটা কিন্তু শুরু হয়েছিল উদ্বেগ নিয়েই। গত মৌসুমে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন। সেই চোট দস্তুরমতো ভোগায় বিশ্বকাপে। অ্যাটলেটিকোর সঙ্গে সুপারকাপেও মাঠে নামেন বদলি হিসেবে। গত মাসে রিয়াল সোসিয়েদাদের কাছে দলকে ৪-২ গোলে হারতে দেখেছেন বেঞ্চে বসে। এরপর সপ্তাহ তিনেক একটা বিরতির পর ফিরে এসে দেখালেন, একদমই মরচে ধরেনি পায়ে। বরং খিদেটা আরও বেড়েছে। এখন তো রোনালদো বিশ্রামেরও কোনো প্রয়োজন দেখেন না, ‘আমরা মৌসুমের শুরুর দিকে আছি। আমি আত্মবিশ্বাস ও ছন্দ নিয়ে খেলতে চাই। সময় এলে আমি বিশ্রাম নেব, কিন্তু এ মুহূর্তে আমি নিজেকে আরও ভালো করতে চাই।’
মাঠের খেলায় মনে হচ্ছে চোটের ধাক্কা সামলে উঠেছেন। নইলে এভাবে খোলামকুচির মতো গোল করতে পারতেন না! তবে রোনালদোর এখনকার বক্তব্য প্রতিপক্ষ রক্ষণের জন্য হতে পারে ভয়ের কারণ ভয়ই, ‘এখন ভালো আছি, কোনো ব্যথা নেই। তবে আমি এখনো উন্নতি করছি। শারীরিকভাবে নিজেকে আরও ভালো জায়গায় নেওয়ার সুযোগ আছে আমার। প্রাক-মৌসুমটা আমার জন্য খুব ভালো যায়নি। বিরতির সময় আমি অনেক খেটেছি। এখন আমি অনেক বেশি আত্মবিশ্বাসী।’
গত বছর বার্নাব্যুতে নিজের বিদায়ী ম্যাচে রাউল গঞ্জালেজ ভবিষ্যদ্বাণী করেছেন, রিয়াল মাদ্রিদের গোল করার সব রেকর্ড ভেঙে দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। এভাবে চলতে থাকলে দ্রুতই সত্যি হয়ে যাবে রাউলের কথা। রিয়ালের হয়ে ২৫৪ ম্যাচে রোনালদোর গোল ২৬৫টি, গড়ে ম্যাচপ্রতি ১.০৪। রিয়ালের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রাউল গঞ্জালেজের চেয়ে ৫৮টি পিছিয়ে। এভাবে চলতে থাকলে রাউলকে ছুঁয়ে ফেলতে আর মাত্র ৫৫ ম্যাচ দরকার রোনালদোর। যদি চোট হানা না দেয়, সেই মাইলফলক ছুঁয়ে ফেলবেন পরের মৌসুমেই।
আজ অবশ্য রিয়ালের সঙ্গে মাঠে নামবে বার্সেলোনাও। লুইস এনরিকের দল দুই দিন আগে মালাগার কাছে মৌসুমে প্রথম পয়েন্ট খুইয়েছে। আজ ন্যু ক্যাম্পে গ্রানাডার সঙ্গে ম্যাচে মেসিকে বিশ্রাম দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। বার্সা অবশ্য আজ জিতে লিগের শীর্ষে উঠে যেতে পারে, তবে সাময়িকভাবে। পরশু কর্দোবাকে ৩-০ গোলে হারিয়ে ভ্যালেন্সিয়াই এখন লিগের শীর্ষে। দুই দলেরই ৫ ম্যাচে ১৩ পয়েন্ট, বেশি গোল দেওয়ায় এগিয়ে ভ্যালেন্সিয়া। সেভিয়ার পয়েন্টও ১৩, তারা আছে তিনে। মার্কা।