রোনালদোর সামনে যত রেকর্ডের হাতছানি

তাঁকে ক্রিস্টিয়ানো রেকর্ডানালদো বলে ডাকলেও ভুল হবে না। রোনালদো মানেই যে রাশি রাশি রেকর্ড। গত শনিবার দেপোর্তিভো লা করুনার বিপক্ষে হ্যাটট্রিক করেছেন। মুছে দিয়েছেন তাঁকে ও তাঁর ফিটনেস ঘিরে ওঠা সব সংশয়। শুধু তা-ই নয়, সেই ম্যাচে বেশ কিছু রেকর্ড ভেঙেছেন। রোনালদোর সামনে হাতছানি দিচ্ছে আরও কিছু রেকর্ড।
রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এটি তাঁর ২৪তম হ্যাটট্রিক। বিখ্যাত সাদা জার্সিতে হ্যাটট্রিক সংখ্যায় রোনালদো পেরিয়ে গেছেন কিংবদন্তি ফেরেঙ্ক পুসকাসকে (২৩)। সামনে আছেন কেবল আরেক কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো (২৮টি)।
এই রেকর্ড ভাঙতে অবশ্য বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে তাঁকে। কিন্তু লা লিগায় সবচেয়ে বেশি হ্যাটট্রিকের রেকর্ডটা রোনালদোর নিঃশ্বাস দূরত্বে চলে এসেছে। স্পেনের শীর্ষ লিগে রোনালদোর হ্যাটট্রিক ২০টি। ২২টি করে হ্যাটট্রিক আছে ডি স্টেফানো ও অ্যাথলেটিক বিলবাও কিংবদন্তি তেলমো জারার। অবশ্য এই রেকর্ডে রোনালদোকে বেশি স্বস্তিতে থাকতে দিচ্ছেন না লিওনেল মেসি। লিগে মেসির হ্যাটট্রিক রোনালদোর চেয়ে মাত্র একটি কম।
চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোল সংখ্যা ৬৮টি। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান কাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হতে আর মাত্র চারটি গোল দরকার। ৭১ গোল নিয়ে সবার ওপরে আছেন রিয়ালেরই সাবেক তারকা রাউল। অবশ্য এখানেও ৬৭ গোল নিয়ে রোনালদোকে পিছু তাড়া করছেন মেসি।
রাউল রিয়ালের ইতিহাসেও সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। রিয়ালের হয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৩২৩টি গোল করেছেন। ২৬০ গোল নিয়ে এই তালিকার চারে আছেন রোনালদো। তবে মনে রাখতে হবে, রাউল ১৬ বছরে ৭৪১টি ম্যাচ খেলে এতগুলো গোল করেছেন। যেখানে রোনালদোর ২৬০টি গোল মাত্র ২৫৩টি ম্যাচে। রিয়ালের হয়ে খেলছেনও মাত্র পাঁচ বছর ধরে। রোনালদোর ম্যাচপ্রতি গোলের হার ১.০৩। ম্যাচের চেয়েও গোল বেশি করার এমন হার ডি স্টেফানো-পুসকাসদেরও নেই।
অবশ্য রোনালদো পিছিয়ে আছেন লা লিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায়। রিয়ালের হয়ে লা লিগায় সর্বোচ্চ গোল রাউলের ২২৮টি। ১৮২ গোল করা রোনালদোর সামনে আছেন ডি স্টেফানো (২১৬) ও কার্লোস সান্তিয়ানা (১৮৬)। সব ক্লাব মিলিয়ে রেকর্ডটি তেলমো জারার (২৫১টি)। আর পাঁচটি গোল করলে সেই রেকর্ডে ভাগ বসাবেন মেসি।
এই তথ্য রোনালদোর ক্ষুধা বাড়াবে বই কমাবে না!