রোনালদোর সামনে লিভারপুল

এই তো কয়েক দিন আগেই কথাটা বলেছিলেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘রোনালদো এখন যে ফর্মে আছে, সে মাঠে নামার আগেই আমরা ওর নামের পাশে একটা গোল ধরে রাখি।’ কথাটা যে কতটা সত্যি সেটা বোঝা যাবে ছোট্ট একটা পরিসংখ্যানেই। ক্লাবের জার্সি গায়ে সর্বশেষ ১২ ম্যাচেই গোল পেয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। অন্তত একটি করে তো বটেই। কখনো দুটি, কখনো হ্যাটট্রিক, এমনকি একবার চারটিও!
ক্যারিয়ারের সেরা ফর্মে থাকা রোনালদোকে আজ কি থামাতে পারবে লিভারপুল?
খুব আশাবাদী লিভারপুল সমর্থক এবং তীব্র রোনালদো-বিদ্বেষী হলেও এ প্রশ্নের ‘হ্যাঁ-সূচক’ জবাব দেওয়াটা কঠিন। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৯ বার লিভারপুলের বিপক্ষে খেলেছেন রোনালদো। কিন্তু কোনোদিন অ্যানফিল্ডে গোল পাননি। সেই গেরোটাও খুলেছেন এবার চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে প্রথম লেগেই। এ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় লিভারপুল করেছে ১৯ গোল, আর রোনালদো একাই করেছেন ২২ গোল! সান্তিয়াগো বার্নাব্যুতে আজ ফিরতি লেগে ব্রেন্ডন রজার্সের দলের সবচেয়ে বড় দুশ্চিন্তা পর্তুগিজ উইঙ্গারকে নিয়েই তো হবে!
আনচেলত্তির কথা আরও একবার সত্য প্রমাণ করতে পারলে রেকর্ড বইয়েও নাম উঠে যাবে রোনালদোর। ৭১ গোল নিয়ে এখনো চ্যাম্পিয়নস লিগের মূল পর্বে সর্বোচ্চ গোলদাতা সাবেক স্প্যানিশ স্ট্রাইকার রাউল। আজ একটা গোল করলেই রিয়াল উইঙ্গার ছুঁয়ে ফেলবেন রাউলকে। রেকর্ডটা শুধুই নিজের করে নেওয়ার ইচ্ছাটাও অ্যানফিল্ডের প্রথম লেগের পরেই প্রকাশ করেছেন রোনালদো, ‘আমি জানি এই রেকর্ড একদিন আমি ভেঙে দেবই।’
এক রোনালদোকে নিয়েই দুশ্চিন্তার শেষ নেই লিভারপুলের, তার মধ্যে আবার জানা গেছে চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার গ্যারেথ বেল। রিয়াল কোচ আনচেলত্তি পড়েছেন মধুর সমস্যায়। নিতম্বের চোটের কারণে বেল রিয়ালের সর্বশেষ ৫ ম্যাচে খেলেননি। কিন্তু ইসকো আর হামেস রদ্রিগেজ বেলের অভাবটা বুঝতে দেননি। আজ তাঁকে খেলাতে হলে বসাতে হবে যেকোনো একজনকে। কাকে বসাবেন সেই আভাস না দিলেও বেল যে আজ খেলছেন সেটা প্রায় নিশ্চিত করে দিয়েছেন আনচেলত্তি, ‘সে থাকলে আমাদের দল আরও শক্তিশালী হয়।’
অন্যদিকে গত প্রিমিয়ার লিগের রানার্সআপ লিভারপুলের সময়টা ইদানীং ভালো যাচ্ছে না একেবারেই। রিয়ালের কাছে অ্যানফিল্ডে প্রথম লেগে তারা হেরেছে ৩-০ গোলে। প্রিমিয়ার লিগের পরের দুটি ম্যাচের একটিতে ‘অল রেড’রা হাল সিটির সঙ্গে গোলশূন্য ড্র করেছে, গত শনিবার নিউক্যাসলের কাছে হেরেই গেছে ১-০ গোলে। তবে রজার্স তাঁর খেলোয়াড়দের ওপর থেকে আস্থা হারাননি একটুও, ‘গত দুই বছরে ছেলেরা কঠিন পরিশ্রম করেছে এ পর্যায়ে আসার জন্য। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গে বার্নাব্যুতে খেলছি মানে আমরা সঠিক পথেই আছি। তবে দল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আমরা আরও ভালো করতে চাই এবং আরও ভালো করতে হবেও।’ সেই ভালোটা আজই হবে—এমন আশ্বাস অবশ্য দিতে পারছেন না লিভারপুল কোচ, ‘সম্ভবত এই মুহূর্তে বিশ্বের সেরা দলটার বিপক্ষে ওদের মাঠে খেলা তো বড় চ্যালেঞ্জই। তবে আমরা আত্মবিশ্বাস নিয়েই খেলতে নামব।’ এএফপি ও রয়টার্স।