রোনালদোর সুখ-অসুখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সুপারম্যান’ ছেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো l মেইল অনলাইন
‘সুপারম্যান’ ছেলের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো l মেইল অনলাইন

চার বছরের ছোট্ট ক্রিস্টিয়ানিনহো বড্ড বাবা-ন্যাওটা। বাবার সঙ্গে তাকে সবখানে থাকতেই হবে। গত পরশু বাবা এক পর্তুগিজ চ্যানেলকে একটা বিশেষ সাক্ষাৎকার দিচ্ছিলেন। পর্তুগাল ফুটবল ফেডারেশন বাবাকে ইতিহাসের সেরা ফুটবলার মনোনীত করেছে, সাক্ষাৎকারটা ওই উদ্দেশ্যেই। ক্রিস্টিয়ানিনহো তখন সুপারম্যানের পোশাক পরে ঢুকে পড়ল সেখানে। উপস্থিত সাংবাদিক ডাকতেই ভীষণ লজ্জা পেয়ে গেল সে, মুখ ঢাকল বাবার কোলে।
ব্যালন ডি’অরের ঘটনাটা আরও মজার। পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে লবিতে রোনালদোর সঙ্গে দেখা হয়ে গেল লিওনেল মেসির। রোনালদোর সঙ্গে ছিল ক্রিস্টিয়ানিনহোও। মেসিকে দেখেই সে এগিয়ে গেল তাঁর দিকে। সিআর সেভেন তখন মেসিকে বললেন, ‘সে ইন্টারনেটে সবার ভিডিও দেখে, কিন্তু কথা বলে তোমাকে নিয়েই।’ মেসি হাসতে হাসতে হাত বুলিয়ে দিলেন খুদে ভক্তের মাথায়। অমনি আবার সে লজ্জা পেয়ে চলে এল বাবার কাছে!
ছেলেকে নিয়ে সময়টা হেসেখেলে কাটলেও আসলেই কি রোনালদো সুখী? তিন বছরের সঙ্গিনী ইরিনা শায়াকের সঙ্গে যে ছাড়াছাড়ির গুঞ্জন শোনা যাচ্ছে! সেই ২০১১ সাল থেকে রুশ সুপার মডেলের সঙ্গে একসঙ্গে আছেন সিআর সেভেন। শুরুতে অতটা প্রকাশ্যে না এলেও গত বছর থেকেই দুজন একসঙ্গে নিয়মিতই প্রচারমাধ্যমের সামনে এসেছেন। ভোগ ম্যাগাজিনের প্রচ্ছদে একসঙ্গে ছবি তুলেছেন, গত বছরের ব্যালন ডি’অর অনুষ্ঠানেও রোনালদোর সঙ্গে ছিলেন ইরিনা। কিন্তু এবার রোনালদোর পাশে তাঁকে না দেখে অনেকেরই প্রশ্ন জেগেছে, দুজনের কি কিছু হয়েছে? রোনালদো পুরস্কার পাওয়ার পর পরিবারের অনেকের কথা বললেও সঙ্গিনীর নাম মুখেও আনেননি।
ইরিনা অবশ্য ফেসবুকে গত সপ্তাহ থেকেই নিজের অবকাশের ছবি পোস্ট করছেন। অথচ প্রেমিকের সঙ্গে এত বড় উপলক্ষে থাকলেন না! সবচেয়ে অবাক করা ব্যাপার, ইনস্টাগ্রামে রোনালদোকে অনুসরণও করছেন না। দুইয়ে দুইয়ে চার কি মেলানো যায়? রয়টার্স, মিরর।