রোনালদোর সেই সতীর্থরা এখন কোথায়

ক্রিস্টিয়ানো রোনালদো। যখন ম্যানচেস্টার ইউনাইটেডে খেলতেনফাইল ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওল্ড ট্রাফোর্ডে তখন ম্যাচের ৬১ মিনিট। বোল্টন ওয়ান্ডার্সের বিপক্ষে ১–০ গোলে এগিয়ে ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। এমন সময় খেলোয়াড় বদলির সিদ্ধান্ত নিলেন কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন।

নিকি বাটকে তুলে যাঁকে নামলেন, পরের পাঁচ মৌসুমে তিনি নিজেকে প্রতিষ্ঠা করলেন ইউনাইটেডের ইতিহাসে অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। তিনি ক্রিস্টিয়ানো রোনালদো।

প্রতিভা চেনায় তখন ফার্গি নিজে তো বটেই, ইউনাইটেডের স্কাউটরাও ছিলেন পাকা জহুরি। রোনালদোর ইউনাইটেডে যোগ দেওয়ার নেপথ্য গল্প তো সবারই জানা। তাঁর ওপর আগে থেকেই নজর পড়েছিল ইউনাইটেডের। ২০০৩ সালে স্পোর্টিং লিসবনের মাঠ এস্তাদিও হোসে আলভালাদের উদ্বোধন স্মরণীয় করে রাখতে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলেছিল স্বাগতিকেরা।

৩–১ গোলে জয় পাওয়ার সে ম্যাচে স্পোর্টিংয়ের হয়ে দারুণ খেলেন রোনালদো। এরপর ইউনাইটেডের খেলোয়াড়েরা রোনালদোকে কেনার জন্য পীড়াপীড়ি করেন ফার্গির কাছে। বাকিটা ইতিহাস। আর সেই ইতিহাসের যাত্রা শুরু হয়েছিল আজকের দিনে—হ্যাঁ, ইউনাইটেডের হয়ে আজ অভিষেক ঘটেছিল রোনালদোর।

ইংলিশ ক্লাবটির হয়ে তিনবার প্রিমিয়ার লিগ ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন পর্তুগিজ তারকা। সেদিন অভিষেকে ইউনাইটেড–ভক্তদের মন জিতে নিতে ম্যাচের বাকি প্রায় আধঘণ্টা সময় যথেষ্ট ছিল রোনালদোর জন্য। ইউনাইটেডের ৪–০ গোলে জয়ের সে ম্যাচে দ্বিতীয় গোলে প্রত্যক্ষ ভূমিকা ছিল তাঁর। আর কেমন খেলেছিলেন?

ফার্গুসন ২০১৩ সালে সেই ম্যাচ নিয়ে তাঁর আত্মজীবনীতে লিখেছিলেন, ‘বোল্টন ডিফেন্ডাররা তটস্থ ছিল। ভক্তরা তাকে (রোনালদো) ত্রাণকর্তা ধরে নিয়েছিল, যে চোখের সামনেই সব অলৌকিক সব কাণ্ড ঘটাচ্ছিল।’

নিকি বাটের বদলি হিসেবে নামার আগে বেশ শক্তিশালী একাদশই মাঠে নামিয়েছিলেন ফার্গুসন। দলটা দেখে নেওয়া যাক—গোলকিপার: টিম হাওয়ার্ড, ডিফেন্ডার: মিকাইল সিলভেস্ত্রে, রিও ফার্ডিনান্ড, ফিল নেভিল, কুইন্টন ফরচুন। মিডফিল্ডার: নিকি বাট, রয় কিন, রায়ান গিগস, পল স্কোলস। স্ট্রাইকার: রুদ ফন নিস্টলরয় ও উলে গুনার সুলশার।

২০০৯ সালে ইউনাইটেড ছেড়ে দেওয়া রোনালদোর বয়স এখন ৩৬ বছর। ইংলিশ ক্লাবটির হয়ে তাঁর সেই অভিষেক ম্যাচে বাকি সতীর্থদের বেশির ভাগই খেলা ছেড়ে দিয়েছেন। কিন্তু কিংবদন্তি বলেই রোনালদো এখনো খেলা চালিয়ে যাচ্ছেন এবং সেটিও সর্বোচ্চ পর্যায়ে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে। ইউনাইটেডে সেই ম্যাচে গোলপোস্ট আগলানো টিম হাওয়ার্ডও এখনো খেলছেন, যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিভাগের লিগ মেম্ফিস ৯০১ দলে। ৪২ বছর বয়সী হাওয়ার্ড যুক্তরাষ্ট্রের ফুটবল ইতিহাসেই অন্যতম সেরা গোলরক্ষক।

ইউনাইটেডে বিখ্যাত ‘নেভিল ব্রাদার্স’দের একজন ফিল নেভিল ২০১৩ সালে ছাড়েন পেশাদার ফুটবল। এখন তিনি এমএলসের দল ইন্টার মিয়ামির কোচ ও ইংল্যান্ডে চতুর্থ বিভাগের দল স্যালফোর্ড সিটির সহ–অংশীদার মালিকও। একসময় সবচেয়ে দামি ডিফেন্ডার হওয়া ফার্ডিনান্ড ২০১৫ সালে পেশাদার ফুটবল ছাড়ার পর একবার বক্সার হতে চেয়েছিলেন। এখন তিনি বিটি স্পোর্টে ফুটবল–পণ্ডিত হিসেবে কাজ করছেন।
ফ্রান্সের সাবেক ডিফেন্ডার সিলভেস্ত্রে খেলা ছাড়েন ২০১৪ সালে। ভারতের আইএসএলে চেন্নাইয়ের হয়ে খেলার পর বুট তুলে রাখেন তিনি। ২০১৫ সালে ফরাসি ক্লাব রেঁনের ফুটবল পরিচালক হিসেবে দায়িত্ব নিয়ে পরের বছর ডিসেম্বরে সরে দাঁড়ান তিনি।

দক্ষিণ আফ্রিকার সাবেক লেফটব্যাক ফরচুন ডনকাস্টার রোভার্সের হয়ে খেলা ছাড়েন ২০১০ সালে। অবসর নেওয়ার পর ইউনাইটেডে ফিরে কোচিংয়ের দীক্ষা নেন কিছুদিন। আফ্রিকান নেশনস কাপে টিভি–পণ্ডিত হিসেবেও কাজ করেছেন। ২০২০ সালে ইংলিশ ক্লাব রিডিংয়ের মূল দলের কোচের দায়িত্ব নেন ফরচুন।

ম্যানচেস্টার ইউনাইটেডে গোটা ক্যারিয়ার কাটানো স্কোলস এখন কাজ করছেন টিভি–পণ্ডিত হিসেবে। এ ছাড়া স্যালফোর্ড সিটির সহ–অংশীদার মালিক তিনি। ইউনাইটেডের সাবেক অধিনায়ক রয় কিন নিজেও এখন ফুটবল–পণ্ডিত হিসেবে কাজ করছেন টিভিতে। অ্যাস্টন ভিলা ও নটিংহাম ফরেস্টের সহকারী কোচের দায়িত্বও পালন করেছেন আইরিশ কিংবদন্তি। ২০১৯ সালে তিনি নটিংহাম ফরেস্ট ছাড়েন।

রোনালদো অভিষেক ম্যাচে যাঁর বদলি হয়ে মাঠে নেমেছিলেন, সেই নিকি বাট গত মার্চে ইউনাইটেড ছাড়েন। একাডেমি দলের নানা পর্যায়ে কোচিংয়ের দায়িত্ব ছাড়াও ক্লাবে আরও নানা দায়িত্ব সামলেছেন বাট। স্যালফোর্ড সিটির মালিকানার ভাগও আছে তাঁর। ক্লাবটির আরেক কিংবদন্তি রায়ান গিগস ইউনাইটেডের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্বও পালন করেছেন। ব্যক্তিগত জীবনে নানা বিতর্কে জড়ানোয় তাঁকে নানা পুলিশি ঝামেলার মধ্য দিয়েও যেতে হচ্ছে।

ইউনাইটেডের আক্রমণভাগে তখন ‘বেবি ফেস অ্যাসাসিন’খ্যাত সুলশার এখন ক্লাবের প্রধান কোচ। ২০১৮ সালে ইউনাইটেড কোচের দায়িত্ব নেন। তখন ইউনাইটেডের মূল স্ট্রাইকার রুদ ফন নিস্টলরয় ২০১২ সালে খেলা ছাড়েন। পরে নিজ দেশ নেদারল্যান্ডসের সহকারী কোচের দায়িত্বেও ছিলেন। এখন পিএসভি আইন্দহফেন অনূর্ধ্ব–১৯ দলের কোচের দায়িত্বে আছেন।

কিন্তু রোনালদো? তিনি এখনো সতেজ, যেন চিরযৌবনা! এখনো খেলে যাচ্ছেন চুটিয়ে।