রোনালদোর সেরা রোনালদোই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

এর আগে প্রসঙ্গটা এতবার উঠেছে যে দুজনই সেটি কমবেশি এড়িয়ে গেছেন। ক্রিস্টিয়ানো রোনালদো-লিওনেল মেসির তুলনার ব্যাপারটি এখন একরকম ক্লিশেই হয়ে গেছে। কিন্তু সেই আগুনে এবার নতুন করে ঘি ঢাললেন রোনালদো। নিজেকে মেসির চেয়ে ভালো মনে করেন, সেটিও বললেন সরাসরিই।
হঠাৎ করে এই প্রসঙ্গে রোনালদো এত কথা বলছেন কেন, প্রশ্নটা উঠতেই পারে। রোনালদোর এই কথা অবশ্য আজকের নয়। গত আগস্টে তাঁকে নিয়ে একটা তথ্যচিত্র বানানো হয়েছিল। তখনই তাঁর সঙ্গে ফ্রেঞ্চ দৈনিক এল পাইসসহ আরও অনেকেই কথা বলেছিল। সেই তথ্যচিত্র আর ছয় দিন পর মুক্তি পাবে। যা সাধারণত বলেন না, সেই সাক্ষাৎকারে সে রকম অনেক কিছুই অকপটে বলেছেন সিআর-৭। মেসির সঙ্গে তুলনায় খোলাখুলিই বলেছেন, ‘আমি আসলে এসব নিয়ে খুব একটা ভাবি না। আট বছর ধরে আমি বাকিদের চেয়ে নিজেকে ওপরে নিয়ে গেছি। এ রকম আরেকজনের নামও আপনি বলতে পারবেন না। এক ও দুই নম্বরের মধ্যে ব্যবধানটা এমন কিছু নয়, এটা আসলে একটা ট্রফি জেতা না-জেতার মতো। অনেকেই বলতে পারে, মেসিই সেরা। কিন্তু আমি নিজেকেই সেরা মনে করি। আমার মনে হয় সবারই সে রকম মনে করা উচিত। সে জন্যই ক্যারিয়ারে আমি এত কিছু অর্জন করতে পেরেছি।’
গত দুবার ব্যালন ডি’অর রোনালদোর হাতেই উঠেছে। কিন্তু তার আগে মেসির জন্য তিনবার দর্শক হয়ে থাকতে হয়েছে। ব্যাপারটা খুব প্রসন্ন মনে মেনে নেননি সেটিও স্বীকার করলেন, ‘মেসিকে কয়েকবার ব্যালন ডি’অর নিতে দেখাটা আমার জন্য কঠিনই ছিল। আমি মনে মনে বলছিলাম, ‘এ অনুষ্ঠানে আমি আসলে কেন এসেছি?’
নিজেকে যে উচ্চতায় নিয়ে গেছেন, সেখানে নিয়ে যাওয়ার জন্য বাড়তি কিছু একটা অবশ্যই দরকার। জয়ের নেশাটা একটু বেশি, সেটি রোনালদো আগেই বলেছেন। সেটিই বললেন আবার, ‘আমার কাছে জয়ই সবকিছু। সহজ কথা, হারলে আমি পাগল হয়ে যাই। তখন আমি মেজাজও হারিয়ে বসি। তবে এটা আমার ভেতরেই আছে, আমার সঙ্গে যারা খেলে তারা ব্যাপারটা ভালোমতোই জানে।’ এই তথ্যচিত্রেই রোনালদোর মা জানিয়েছেন, ফুটবলই রোনালদোর জীবন, ফুটবল না খেললে তাঁর ছেলে হয়তো নেশাগ্রস্ত হয়ে পড়তেন। রোনালদোও মায়ের কথা অস্বীকার করেন না, ‘ফুটবলই আমার জীবন। এটাই আমার সবকিছু। তবে টিভিতে খুব একটা খেলা দেখা হয় না। বড় ম্যাচ উপভোগ করি, কিন্তু বাসায় থাকলে আমার অন্যকিছুই করা হয়।’ মার্কা, এএস।