রোনালদোর স্বপ্ন প্লে-স্টেশন গোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

প্রতিপক্ষ স্ট্রাইকারের পা থেকে বল কেড়ে নিলেন। বল পায়ে পেয়েই শুরু হলো ড্রিবলিং, তাঁকে আটকাতে সিনেমার ভিলেনদের মতো একজন একজন করে এগিয়ে এলেন প্রতিপক্ষ খেলোয়াড়েরা। একে একে ১০ জনকে পার করে গোলরক্ষককে সামনে পেলেন রোনালদো। পায়ের ছোট এক কারুকাজে তাঁকেও ছিটকে ফেলে ফাঁকা পোস্টে বল ঠেলে দিলেন। গো-ও-ও-ল!
না, এ রকম গোল এখনো করে দেখাতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। রোনালদো কেন, প্রতিপক্ষের ১১ জনকে কাটিয়ে গোল করতে পারেননি এখনো কেউ। তবে স্বপ্ন দেখতে তো দোষ নেই, রোনালদোও তাই সুযোগ পেয়ে নিজের স্বপ্নটি জানিয়ে দিলেন, ‘আমি দারুণ দারুণ অনেক গোল করেছি। কিন্তু স্বপ্নের গোল হবে সেটি যদি ১১ জনকে কাটিয়ে গোল করতে পারি। এটা প্লে-স্টেশনের গোল, বাস্তবে প্রায় অসম্ভব; তবে দেখা যাক কী হয়!’
বারাহাস বিমানবন্দরে এক অনুষ্ঠানে নিজস্ব ব্র্যান্ডের পারফিউমের প্রচারণায় গিয়েছিলেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। সেখানেই নিজের ভবিষ্যৎ ও ক্লাবের বর্তমান নিয়ে কথা বলতে হলো তাঁকে। সেখানেই এত বছর ধরে নিজের সেরাটা ধরে রাখতে পারার রহস্যটা জানালেন রোনালদো, ‘প্রতিভার কোনো মানে নেই যদি আপনি পরিশ্রম না করেন। আমি সে চেষ্টাই করি, ১০ বছর ধরে সেটাই করছি। আমার ধারণা, আমার খেলার মানটা সব সময় একই ছিল এবং ভবিষ্যতেও সেটাই রাখার ইচ্ছা। এভাবে খেলেই ভবিষ্যতেও অনেক কিছু জিততে চাই রিয়ালের হয়ে, ব্যক্তিগতভাবেও; সমর্থকদের যেন আনন্দ দিতে পারি সেটাই আমার লক্ষ্য।’
এবারের মৌসুমটা যাচ্ছেতাই যাচ্ছে রিয়ালের। লা লিগায় বার্সেলোনার চেয়ে ১২ পয়েন্ট পিছিয়ে, কোপা ডেল রে থেকে তো বিদায় নিয়েছে বহু আগে। তবে মৌসুমটা পুরোপুরি ব্যর্থ হতে দিতে নারাজ সিআর-৭, ‘সবকিছু শেষ হয়ে যায়নি, আমরা এখনো চ্যাম্পিয়নস লিগে আছি। এটা সেই টুর্নামেন্ট যা আমরা সব সময় জিততে চাই। রিয়ালই সবচেয়ে বেশি চ্যাম্পিয়নস লিগ জিতেছে, এটা কোনো কাকতালীয় ঘটনা নয়।’ এএফপি।