রোনালদোর স্বস্তি, রিয়ালের জয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদোর চোখেমুখে স্বস্তি। হাঁফ ছেড়ে বাঁচার আনন্দ।  ছবিঃ এএফপি
রোনালদোর চোখেমুখে স্বস্তি। হাঁফ ছেড়ে বাঁচার আনন্দ। ছবিঃ এএফপি

অবশেষে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিতর্কের একের পর এক ক্রুশে বিদ্ধ হচ্ছিলেন এই তারকা। কিন্তু কথা নয়, খেলোয়াড়দের দায়িত্ব তো খেলার মাঠেই সব সমালোচনার জবাব দেওয়া। সবার মুখ বন্ধ করতে মোক্ষম অস্ত্র ‘গোল’ই বেছে নিলেন তিনি। তিন ম্যাচ পর গোল পেয়ে গত রাতে বুক থেকে নামিয়েছেন পাষাণ-ভার। শালকের বিপক্ষে রোনালদো এবং মার্সেলোর গোলে ২-০ জয় নিয়ে মাঠ ছেড়েছে রিয়াল। এ জয় দিয়ে কোয়ার্টার ফাইনালের দিকে এক পা এগিয়েই গেল রিয়াল। আগামী ১০ মার্চ ফিরতি লেগের খেলা নিজেদের মাঠ বার্নাব্যুতেই। 
শালকের মাঠে প্রথমার্ধের শুরুতে অবশ্য বেশ বেগ পেতে হয়েছিল আনচেলত্তির শিষ্যদের। অতিথিদের কোনোরকম ছাড় না দিয়ে শালকে খেলছিল দারুণ। কিন্তু ২৭ মিনিটের মাথায় স্বাগতিকদের রক্ষণভাগকে বোকা বানিয়ে গোল করে বসেন রোনালদো। ডান মাঠ থেকে দানি কারভাহালের বাঁ পায়ের একটি ক্রস দুর্দান্ত এক হেডে শালকের গোলে পাঠান সিআর-সেভেন। প্রথমার্ধেই সুবিধাজনক জায়গায় চলে যায় রিয়াল।
বাকি সময়ে খেলার ধরন পাল্টে ফেলে শালকে। ৫-৩-২ ফরমেশনে বেশ রক্ষণাত্মক হয়ে যায় তারা। মাঝে মাঝেই প্রতি-আক্রমণে গোল পরিশোধের মরিয়া চেষ্টাও চালায় তারা। কিন্তু ভাগ্য সহায় হয়নি শালকের। খেলার এক মিনিট বাকি থাকতে ব্যবধান হয়ে যায় দ্বিগুণ। রোনালদোর বাড়িয়ে দেওয়া বল থেকে আড়াআড়ি এক শটে গোল করেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো। জয়টাও নিশ্চিত হয়ে যায় রিয়ালের।
এই জয় দিয়ে বায়ার্ন মিউনিখের টানা ১০ ম্যাচ জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলল বর্তমান শিরোপাধারীরা। রিয়াল সমর্থকেরাও নিশ্চয়ই এবার দুয়ো দেওয়া বন্ধ করে প্রার্থনাই করবেন রোনালদোর জন্য। চ্যাম্পিয়নস লিগে রোনালদোর গোলসংখ্যা এখন ৭৩। আর দুটো হলেই যে সর্বোচ্চ গোলসংখ্যার মালিক লিওনেল মেসিকে ছুঁয়ে ফেলবেন এই পর্তুগিজ মহাতারকা। সূত্র: এএফপি, রয়টার্স