রোনালদোর হতাশা এবং...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটা তিনিও করতে পারতেন, কিন্তু সেটি করেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ আরবেলোয়া। ক্রিস্টিয়ানো রোনালদো কতটা হতাশ, সেটি তিনি বুঝিয়ে দিলেন আলমেরিয়ার জালে লাথি মেরে l এএফপি
গোলটা তিনিও করতে পারতেন, কিন্তু সেটি করেছেন রিয়াল মাদ্রিদ সতীর্থ আরবেলোয়া। ক্রিস্টিয়ানো রোনালদো কতটা হতাশ, সেটি তিনি বুঝিয়ে দিলেন আলমেরিয়ার জালে লাথি মেরে l এএফপি

পাঁচ ম্যাচে ১ গোল, সর্বশেষ তিনটিতে একটিও নেই। সাধারণ কেউ হলে হয়তো খুব বেশি চিন্তা তাঁর থাকত না। কিন্তু ইনি যদি হন ক্রিস্টিয়ানো রোনালদো, এটা তো রীতিমতো গোল-খরাই। মৌসুমে যাঁর ৫০ গোল হয়ে গেছে, লিগে ৩৯টি, তাঁর জন্য ব্যাপারটা একদমই স্বস্তিদায়ক নয়। চাপটা যে ভালোমতোই জেঁকে বসেছে সেটা পরশুই দেখা গেল। আলমেরিয়ার সঙ্গে রিয়াল ৩-০ গোলে জিতেছে বটে, কিন্তু তাতে একটি গোলও নেই সিআর-সেভেনের। আলভেরো আরবেলোয়ার শেষ গোলটিতেই বুঝিয়ে দিয়েছেন নিজের হতাশা।
কর্নার থেকে বল পেয়েছিলেন হাভিয়ের হার্নান্দেজ। রিয়াল স্ট্রাইকারের ক্রসটা জালে পাঠিয়ে দেওয়ার কাজটা করতে কোনো কষ্টই হয়নি আরবেলোয়ার। রোনালদো ঠিক তাঁর পাশেই ছিলেন। নিজে গোল করতে না পারার হতাশাটা জালে লাথি মেরেই বুঝিয়ে দিয়েছেন। ম্যাচ শেষে কার্লো আনচেলত্তিকে অবধারিতভাবেই মুখোমুখি হতে হলো এই প্রসঙ্গের। রিয়াল কোচ অবশ্য দাবি করলেন রোনালদো হতাশায় ভুগছেন না, ‘ক্রিস্টিয়ানো ভালোই আছে। সে ক্লান্ত ছিল না, পুরোপুরিই ফিট। আজ সে গোল করতে পারেনি, কিন্তু অনেকবারই গোল করার চেষ্টা করেছে। হয়তো রোববারই সে গোল পেয়ে যাবে। আমার ব্যক্তিগত মত হচ্ছে, এ মৌসুমে সে যদি আর গোল না-ও পায়, আমি খুশি। সে ৫০ গোল করে ফেলেছে, আমার পুরো ক্যারিয়ারেই আর কোনো খেলোয়াড়কে এটা করতে দেখিনি।’
কিন্তু যে আরবেলোয়া রোনালদোর মুখের গ্রাস কেড়ে নিয়েছেন, তিনি কী ভাবছেন? রিয়াল ডিফেন্ডারও ব্যাপারটিকে খুব বড় করে দেখতে চাইছেন না, ‘ক্রিস্টিয়ানোর ওই কাজে আমি কিছু মনে করিনি। সে গোলের জন্য খুবই ক্ষুধার্ত, মেসির সঙ্গে ওর লড়াইটা তো এখন তুঙ্গে।’ আরবেলোয়ার শেষ কথাটাই হয়তো আসল কারণটা বলে দিচ্ছে। লা লিগায় বার্সা-রিয়ালের শিরোপা লড়াইয়ের মতো পিচিচি ট্রফি নিয়ে রোনালদো-মেসির লড়াইটাও দারুণ জমে উঠেছে। দুই দিন আগে গেটাফের সঙ্গে জোড়া গোল পেয়ে মেসি (৩৮) এখন রোনালদোর চেয়ে মাত্র ১ গোলে পিছিয়ে আছেন। রিয়াল ফরোয়ার্ডের হতাশার কারণটা পরিষ্কার!
বেল-বেনজেমাবিহীন রিয়ালের অবশ্য জিততে অসুবিধা হয়নি। প্রথমার্ধে অসাধারণ এক ভলিতে এগিয়ে দিয়েছিলেন হামেস রদ্রিগেজ। ৪৯ মিনিটে মাউরো আলনসোর আত্মঘাতী গোলে ব্যবধান বাড়ায় রিয়াল। আর শেষে তো আরবেলোয়ার ওই গোল। আনচেলত্তি ঘোষণার সুরেই বললেন, ‘বার্সা পয়েন্ট হারাবে কি না সেটা নিশ্চিত করে বলার উপায় নেই। শুধু এটুকু বলতে পারি আমরা বাকি চার ম্যাচই জিতব।’ ইএসপিএন, মার্কা।