রোনালদোর হাতে 'ডি স্টেফানো'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডি স্টেফানোর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো l ফাইল ছবি
ডি স্টেফানোর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো l ফাইল ছবি

একই দিনে দুটি ‘উপহার’ পেলেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত পরশুই দুপুরে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তিটা বাড়িয়ে নিয়েছেন ২০২১ সাল পর্যন্ত। এরপর সন্ধ্যাটাও কাটল আনন্দে, স্প্যানিশ দৈনিক মার্কার কাছ থেকে পর্তুগিজ ফরোয়ার্ড পেয়েছেন স্প্যানিশ লিগের বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার—ডি স্টেফানো ট্রফি।
রোনালদো নিজে এরই মধ্যে রিয়ালের কিংবদন্তি, আর আলফ্রেডো ডি স্টেফানো তো ‘লস ব্লাঙ্কো’দের কল্পগাথাটাই রূপ দিয়েছেন বাস্তবে। পূর্বসূরির নামের পুরস্কারটা পেয়ে অনেক খুশি গতবার লিগে ৩৫ গোল ও ১১টি অ্যাসিস্ট করা রোনালদো, ‘আবেগে ভরপুর একটা মৌসুম কেটেছে গতবার। চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জিতেছি। আজকের দিনটাও আমার জন্য বিশেষ। চুক্তি নবায়ন করেছি, এখন মার্কার কাছ থেকে একটা পুরস্কারও পেলাম। এর বেশি আর কী চাইতে পারি!’
এবার মৌসুমের শুরুতে সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে ‘মাত্র’ ৭ গোল করা রোনালদোর জন্য পুরস্কারটা প্রেরণারও, ‘এটা আমাকে পরিশ্রম করে যেতে ও আগামী কয়েক বছরে আরও ভালো হতে অনুপ্রাণিত করবে।’
রোনালদো ছাড়া মাদ্রিদের আরেক খেলোয়াড় পেয়েছেন পুরস্কার—আলভারো মোরাতা, জাতীয় দলে তাঁর অবদানের জন্য। সেরা কোচ হয়েছেন অ্যাটলেটিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। ৪০ গোল করায় লুইস সুয়ারেজ পেয়েছেন সর্বোচ্চ গোলদাতার ‘পিচিচি’ ট্রফি। মার্কা।