রোনালদোর হৃদয়ে এখনো ওল্ড ট্র্যাফোর্ড

রিয়াল মাদ্রিদে ভালোই আছেন। বার্নাব্যুতে স্বাদ নিয়েছেন দলগত ও ব্যক্তিগত সাফল্যের। কিন্তু তাই বলে অন্য দলে যাওয়ার কথা যে ক্রিস্টিয়ানো রোনালদো একেবারেই ভাবেন না—এ কথা বললে একটু অন্যায়ই হয়ে যায়। রোনালদো নিজেও স্বীকার করেছেন, অন্য দল, বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরে যাওয়ার ব্যাপারটি এখনো মাথায় রেখেছেন তিনি। শুধু মাথায় রাখা নয় ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার ব্যাপারটি তিনি গুরুত্বের সঙ্গেই চিন্তা করেন। তবে তার আগে আসন্ন মৌসুমে ইউনাইটেডের পারফরম্যান্স পর্যালোচনা করবেন তিনি।
মিশিগানে রেকর্ড পরিমাণ দর্শকের সামনে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে মাঠে নামার আগে রোনালদো তাঁর পুরোনো ক্লাবের ব্যাপারে নিজের আগ্রহের কথা জানান। খেলাটিতে অবশ্য তাঁর দল হেরেছে ৩-১ গোলের পরিষ্কার ব্যবধানে।
ম্যানচেস্টারে আবারও ফিরবেন কি না, এমন প্রশ্ন ছুটে গিয়েছিল তাঁর দিকে। এই প্রশ্নের জবাবে যেন অনেকটাই স্মৃতিকাতর রোনালদো, ‘ম্যানচেস্টার ইউনাইটেড পৃথিবীর অন্যতম সেরা ক্লাব। আমার অন্যতম প্রিয় দলও এটি। আমার ক্যারিয়ারের খুব বড় উত্থান ওই ওল্ড ট্র্যাফোর্ডে। আমি যখন ওখানে খেলতাম, তখন সমর্থকেরা আমাকে শ্রদ্ধার আসনেই বসিয়েছিলেন।’
এর পরই তাঁর কণ্ঠে ওল্ড ট্র্যাফোর্ডে ফেরার ইঙ্গিত, ‘আমার ক্যারিয়ারে ম্যানচেস্টার ইউনাইটেডের রয়েছে বিশাল অবদান। এই দলে যে আবার ফিরব না, এ কথা কীভাবে জোর দিয়ে বলি?’
গত মৌসুমটা একেবারেই যাচ্ছেতাই গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। ইংলিশ লিগে দলটির অবস্থান ছিল অনেক নিচের দিকে। সমর্থকদের নিদারুণ হতাশায় ভাসিয়ে ইউনাইটেড ব্যর্থ চ্যাম্পিয়নস লিগে জায়গা করে নিতেও। এমন অবস্থায় এই মুহূর্তে ওল্ড ট্র্যাফোর্ডে চলছে সবকিছু ঢেলে সাজানোর পালা। বিদায় করে দেওয়া হয়েছে ব্যর্থ কোচ ডেভিড ময়েসকে। দায়িত্ব হাতে নিয়েছেন এবারের বিশ্বকাপে ‘সুপার ট্যাকটিশিয়ান’ হিসেবে পরিচিতি পাওয়া ডাচ কোচ লুই ফন গাল। নিজেদের নতুন রূপে সাজিয়ে ইউনাইটেড এখন স্বপ্ন দেখছে আসছে মৌসুমে ঘুরে দাঁড়াতে, সমর্থকদের মুখে হাসি ফোটাতে।
রোনালদোর কণ্ঠেও ঝরেছে ফন গালের প্রশংসা, ‘উনি দারুণ কোচ। সুন্দর, আক্রমণাত্মক ফুটবলের পূজারি। আমার মনে হয় আসছে মৌসুমটা ম্যানচেস্টার ইউনাইটেডের ভালোই কাটবে। পুরোনো ব্যর্থতা ঝেড়ে দলটি হাসি ফোটাবে সমর্থকদের মুখেও। আমিও মনে-প্রাণেই চাই আমার অন্যতম প্রিয় ক্লাবের সাফল্য।’ সিনহুয়া।