রোনালদোর হ্যাটট্রিক, বেলের স্মরণীয় রাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যারেথ বেলের গোল-উচ্ছ্বাস l রয়টার্স
গ্যারেথ বেলের গোল-উচ্ছ্বাস l রয়টার্স

লা লিগার সর্বশেষ দুই ম্যাচেও হ্যাটট্রিক করেছিলেন। মাঝে কিছুদিনের বিরতির পর রিয়াল মাদ্রিদের জার্সির বদলে এবার ক্রিস্টিয়ানো রোনালদোর গায়ে তাঁর দেশ পর্তুগালের জার্সি। আবারও হ্যাটট্রিক! ইউরোর বাছাইপর্বে কাল রোনালদোর হ্যাটট্রিকেই আর্মেনিয়াকে ৩-২ গোলে হারিয়েছে পর্তুগাল। ২৯ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোলটি করার পর পর্তুগিজ উইঙ্গার বাকি দুটি গোল করেছেন ম্যাচের ৫৫ ও ৫৮ মিনিটে।
ইউরোর বাছাইপর্বে কাল রাতটা যদি রোনালদোর হয়ে থাকে, তাহলে পরশু রাতটা ছিল তাঁর রিয়াল মাদ্রিদ সতীর্থ গ্যারেথ বেলের। দেশের হয়ে ৫০তম ম্যাচ। সেটি কী দারুণভাবেই না স্মরণীয় করে রাখলেন বেল! দুর্দান্ত এক গোল করলেন, আর রিয়াল মাদ্রিদ উইঙ্গারের একমাত্র গোলেই পরশু ইউরোর বাছাইপর্বে বেলজিয়ামকে হারাল তাঁর দেশ ওয়েলস। ৬ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে বেলজিয়ামকে সরিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষেও বসল ওয়েলস, অনেকটা এগিয়ে গেল ২০১৬ ইউরোর মূল পর্বে জায়গা করে নেওয়ার পথে। চূড়ান্ত পর্বে খেলতে পারলে প্রায় ৫৮ বছর পর এটি হবে বড় কোনো টুর্নামেন্টে ওয়েলসের উপস্থিতি। বড় টুর্নামেন্টে ওয়েলসকে সর্বশেষ দেখা গেছে ১৯৫৮ বিশ্বকাপে।
দুর্দান্ত ফর্মে থেকেই কার্ডিফ সিটির মিলেনিয়াম স্টেডিয়ামে খেলতে নেমেছিল বেলজিয়াম। এ ম্যাচের আগে গ্রুপের শীর্ষস্থানটা তাদের ছিল, ফিফার সর্বশেষ র্যাঙ্কিংয়েও উঠে এসেছে ২ নম্বরে। সর্বশেষ ১৭ ম্যাচে তাদের একটাই হার, ২০১৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার কাছে। কিন্তু হ্যাজার্ডদের বিপক্ষে এদিন কোনো ভুল করেননি ওয়েলস ডিফেন্ডাররা। ২৫ মিনিটে দেশের হয়ে বেলের ১৭তম গোলটাই গড়ে দেয় ম্যাচের ভাগ্য। অর্ধশততম ম্যাচটা স্মরণীয় করে রাখতে পেরে উচ্ছ্বসিত বেল। ম্যাচের পর টুইটারে লিখেছেন, ‘অবিশ্বাস্য ফল! সমর্থকদের ধন্যবাদ, রাতটা আরও বিশেষ করে তোলার জন্য। আমি এ রাতের কথা ভুলব না।’
রোমাঞ্চের কমতি ছিল না জাগরেবে দর্শকহীন মাঠে ইতালি-ক্রোয়েশিয়া ম্যাচেও। বাছাইপর্বের শুরুর দিকে দুটি ম্যাচে সমর্থকদের বাজে আচরণের জন্য শাস্তি হিসেবে ফাঁকা স্টেডিয়ামে খেলতে হয় স্বাগতিক ক্রোয়েশিয়াকে। শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র হলেও ম্যাচটি উত্তাপ ছড়িয়েছে যথেষ্ট। বিতর্কিত এক অফসাইডের সিদ্ধান্তে বাতিল হয়েছে ইতালির ফরোয়ার্ড এল শারাউয়ির গোল, মারিও মানজুকিচের দুর্বল পেনাল্টি ঠেকিয়েছেন ইতালির গোলরক্ষক জিয়ানলুইজি বুফন আর যোগ করা সময়ে লাল কার্ড দেখেছেন ক্রোয়েশিয়ার অধিনায়ক দারিও সরনা। ড্র করেও ‘এইচ’ গ্রুপের শীর্ষস্থানটা ধরে রেখেছে ক্রোয়েশিয়া। ৬ ম্যাচে ক্রোয়েশিয়ার পয়েন্ট ১৪, ইতালির ১২। এএফপি, সনি সিক্স।