রোনালদোর 'দুঃখ প্রকাশ'
>এল মুন্দোর দাবি, রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে ‘সরি’ বলেছেন প্রত্যেককে

ধনুক থেকে তির বের হয়ে গেলে আর ফিরিয়ে নেওয়া যায় না। মুখের কথার ক্ষেত্রেও তো সেটা খাটে। আর এই মুহূর্তে সেটা বোধ হয় সবচেয়ে ভালোভাবে টের পাচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মাদ্রিদ ডার্বিতে হেরে বেফাঁস একটা কথা বলে ফেলেছিলেন। সেটার জন্য শেষ পর্যন্ত ক্ষমাই চাইতে হলো সতীর্থদের কাছে!
গত শনিবার লা লিগায় নগর প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকোর কাছে ১-০ গোলে হেরে গেছে রিয়াল। ওই ম্যাচের পরেই রোনালদো মাথা গরম করে বলে বসলেন, বাকিরা তাঁর মতো খেলতে পারলে দলের এই অবস্থা হতো না। সেটা নিয়ে তুমুল হইচই। ওই মন্তব্যের পর রোনালদো দাবি করেছিলেন, তাঁর কথার ভুল ব্যাখ্যা করা হয়েছে। তিনি আসলে সতীর্থদের খেলার মান নিয়ে কিছু বলেননি। বরং অতৃপ্তিটা ছিল ফিটনেস নিয়ে। সতীর্থ সার্জিও রামোস পরে বলেছেন, রোনালদোর আসল কথাটা তাঁরা বুঝতে পেরেছেন। কিন্তু পুরো বরফটা যে গলেনি, সেটা কালই বোঝা গেল। স্প্যানিশ প্রচারমাধ্যম জানাচ্ছে, রোনালদো শেষ পর্যন্ত ক্ষমাই চেয়েছেন।
স্প্যানিশ দৈনিক এল মুন্দোর দাবি, রোনালদো সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপে খুদে বার্তা পাঠিয়ে ‘সরি’ বলেছেন প্রত্যেককে। গোল ডটকম দাবি করেছে, রোনালদো সামনাসামনিও সেটা করেছেন। মাদ্রিদ ডার্বিতে হারের পর গত পরশু দলের সবাইকে এক দিনের জন্য বিশ্রাম দিয়েছিলেন জিদান। কালই আবার অনুশীলনে নেমেছে রিয়াল। সেখানেই ড্রেসিংরুমে রোনালদো বাকিদের কাছে আত্মপক্ষ সমর্থন করে বলেছেন, কাউকে আঘাত দেওয়ার কোনো উদ্দেশ্য তাঁর ছিল না।
এর মধ্যে টুইটারে রোনালদোর নতুন পোস্ট নিয়েও চলছে আলোচনা। কাল বন্ধুদের সঙ্গে পোকার খেলার একটা ছবি পোস্ট করে রোনালদো লিখেছেন, ‘নিজের অস্ত্র দিয়ে আমি প্রতিদিন লড়াই করে যাওয়ার চেষ্টা করি।’
যা-ই হোক, ভাঙা সেতুটা জোড়া এখন দিতেই হবে। আগামীকালই লা লিগায় লেভান্তের প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ। রামোস, মার্সেলো, কারভাহাল, বেল, বেনজেমাদের ছাড়াই নামতে হবে রিয়ালকে। শনিবারেই আবার প্রতিপক্ষ সেল্টা ভিগো। রিয়ালকে এখন সব মান-অভিমান ভুলে মনোযোগটা মাঠেই দিতে হবে। গোল ডটকম, মার্কা, স্পোর্ত।