রোনালদোর 'পতনে'র প্রমাণ পরিসংখ্যানেও

তিনি বিশ্বের সেরা খেলোয়াড় কিনা সেটি নিয়ে বিতর্ক হতে পারে। তবে তিনি বিশ্বের সেরা গোলস্কোরার—এ নিয়ে কোনো সংশয় নেই। পরিসংখ্যান বলুন কিংবা ফুটবল বোদ্ধাদের বিশ্লেষণ, সব জায়গাতেই উঠে এসেছে, গোলপোস্টের সামনে ক্রিস্টিয়ানো রোনালদোর চেয়ে আপাতত সেরা আর কেউ নন। তবে এই প্রশংসা হয়তো এই মৌসুমের পর আর রিয়াল মাদ্রিদ তারকার ক্ষেত্রে করা যাবে না। এবারও পরিসংখ্যানই বলছে, ধীরে ধীরে নিজের ধার হারাতে শুরু করেছেন রোনালদো।
এই মৌসুমে লিগে এখন পর্যন্ত ১৩ ম্যাচে 'মাত্র' ৯টি গোল করেছেন, এরমধ্যে এক এস্পানিওল ম্যাচেই ৫ গোল। বাকি ১২ ম্যাচে গোল মাত্র ৪টি। একেবারেই 'রোনালদো'সুলভ নয় পরিসংখ্যানটা। এক্ষেত্রে রোনালদোকে একা দোষ দেওয়া অবশ্য উচিত হবে না। একজন ফরোয়ার্ডের স্ট্রাইকার গোল পাওয়া-না পাওয়া তো দলের কৌশলের ওপরও নির্ভর করে।
তবে দলীয় কৌশলের বিবেচনার বাইরেও সংখ্যাতত্ত্বে 'ব্যক্তি' রোনালদোর জন্যও একটা দুশ্চিন্তার কারণ আছে—গোলে নেওয়া শটকে গোলে রূপান্তর করার হার (শট কনভারশন রেট)। এই মৌসুমে প্রতিপক্ষের গোলপোস্টে নেওয়া শটের মাত্র ১২.১২ শতাংশকেই গোলে পরিণত করতে পেরেছেন রোনালদো! তার মানে গড়ে প্রতি গোলের জন্য ম্যাচে ৮টিরও বেশি শট নিতে হচ্ছে রোনালদোকে, যেটি তাঁর অতীত পরিসংখ্যান বিবেচনায় সত্যিই বিস্ময়কর।
এমনিতেই মৌসুমের শুরু থেকে তাঁকে নিয়ে একটা জল্পনা-কল্পনা চলছে, বয়স কী তবে পেয়ে বসেছে ৩০ পেরিয়ে যাওয়া রোনালদোকে? এই মৌসুমে যে প্রতিপক্ষ গোলপোস্টের সামনে চেনা 'খুনে' রোনালদোকে দেখা যাচ্ছে না। তার প্রমাণ হয়েই কী রইল এই পরিসংখ্যান?
রিয়ালে আসার পর গত ৭ মৌসুমে শটকে গোলে রূপান্তরের এটিই রোনালদোর সর্বনিম্ন হার। অথচ গত মৌসুমেই লিগে ৪৮ গোল করার পথে এই হারটা ছিল ২৬.৪, যেটি এবার অর্ধেকেরও বেশি কমে নেমে এসেছে। এই মৌসুমে লা লিগার গোলদাতার তালিকায় রোনালদো আছেন যৌথভাবে চার নম্বরে। চারে তাঁর সঙ্গে আছেন আরও দুজন। অর্থাৎ ১ থেকে ৫—তালিকার এই পাঁচটি স্থানে এখন খেলোয়াড় আছেন সাতজন। এঁদের মধ্যেও সবচেয়ে কম গোল করার হার রোনালদোর!
অবশ্য এই হারটা বাড়িয়ে নেওয়ার সুযোগ পরের ম্যাচেই পাচ্ছেন 'সিআর৭'। লিগে শনিবার গেটাফের মুখোমুখি হচ্ছে রিয়াল। গত মৌসুমে এই গেটাফের বিপক্ষে দুই ম্যাচে ৫ গোল করেছিলেন রোনালদো। পেনাল্টি-বিষয়ক 'ছোট্ট' একটা তথ্যও রিয়াল ফরোয়ার্ডের জন্য বাড়তি অনুপ্রেরণা হয়ে থাকবে। এই মৌসুমে লা লিগায় সবচেয়ে বেশি পেনাল্টির বাঁশি বেজেছে গেটাফের বিরুদ্ধেই (৫টি)। আর রিয়ালের হয়ে রোনালদোর পেনাল্টির রেকর্ডটাও তো যথেষ্ট উজ্জ্বল।
এই শনিবারই হয়তো শটকে গোলে রূপান্তরের হারটাকে একটু বাড়িয়ে নিতে পারবেন রোনালদো। তথ্যসূত্র: অপ্টার পরিসংখ্যান ও গোলডটকম।