রোনালদোহীন রোনালদোর দল

শত বছরেরও বেশি সময়ের লম্বা ইতিহাসে কত ফুটবলার খেলে গেছেন, তার কোনো লেখাজোখা নেই। এঁদের মধ্য থেকে বিশ্বসেরা ১১ জনকে বাছাই করা কতটা কঠিন? খড়ের গাদায় সুচ খোঁজা বললেও কম বলা হয়। তবে রোনালদো এই কঠিন কাজটাই করেছেন। ব্রাজিল কিংবদন্তির সর্বকালের সেরা একাদশে একদমই প্রত্যাশিত কিছু নাম যেমন আছে, তেমনি আছে কিছু চমকও।
ক্লাব ও আন্তর্জাতিক ক্যারিয়ারে যা করেছেন, তাতে রোনালদো নিজেই অনেকের সেরা একাদশে ঠাঁই পাবেন। তবে নিজেকে বাইরে রেখেই স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্তিভোর জন্য তালিকাটা করেছেন দ্য ফেনোমেনন। তাতে নিজের ক্লাব ও আন্তর্জাতিক সতীর্থরা আছেন, আছেন পূর্বসূরি আর এই সময়ের কয়েকজনও।
যেসব নাম থাকতেই পারত, সেগুলো চটজলদি মনে করিয়ে দেওয়া যাক। পেলে আর ডিয়েগো ম্যারাডোনাকে বাদ দিয়ে কোনো একাদশ আসলে কল্পনা করা যায় না। রোনালদোর তালিকায় দুজনই আছেন। ম্যারাডোনাকে অবশ্য মাঝমাঠে রেখেছেন, আক্রমণে পেলের সঙ্গে একজন গত বছরেই মহাপ্রস্থানে যাওয়া রিয়াল মাদ্রিদ কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানো। অন্যজনের সঙ্গে রোনালদো কখনোই খেলেননি, কিন্তু তাঁকে উপেক্ষা করতে পারেননি—লিওনেল মেসি। অথচ জায়গা পাননি এ মুহূর্তে, ফিফা-ব্যালন ডি’অর পুরস্কার-রজনী ঘনিয়ে আসার এই সময়ে সবচেয়ে আলোচিত ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। কদিন আগে সাবেক ব্রাজিল স্ট্রাইকার নিজেও অবশ্য বলেছেন, এবারও ব্যালন ডি’অর রিয়াল মাদ্রিদের পর্তুগিজ উইঙ্গারেরই পাওয়া উচিত।
বর্ণাঢ্য ক্যারিয়ারে বার্সেলোনা, ইন্টার মিলান, রিয়াল মাদ্রিদ, এসি মিলানের মতো ক্লাবে খেলেছেন রোনালদো। দুর্দান্ত সব খেলোয়াড়কে পেয়েছেন সতীর্থ হিসেবে, প্রতিপক্ষ দলেও পেয়েছেন অসাধারণ কয়েকজনকে। জিনেদিন জিদানকে রিয়াল মাদ্রিদে খুব কাছ থেকে দেখেছেন, মাঝমাঠে ম্যারাডোনার সঙ্গে আছেন ফরাসি কিংবদন্তি। তৃতীয়জনের নামটাও থাকারই কথা, ইয়োহান ক্রুইফকে বাদ দেন কী করে? মধ্যমাঠে চতুষ্টয়ের সর্বশেষ জনের নামটা একটু বিস্ময় হয়ে আসবে। রোনালদো তাঁকে প্রতিপক্ষ হিসেবে অনেকবার পেয়েছেন, সেটাই কি জাভিকে জায়গা করিয়ে দিল এই একাদশে?
৩-৪-৩ ছকে রক্ষণে রোনালদো রেখেছেন মাত্র তিনজনকে। এখানেও খুব বেশি চমক নেই। একমাত্র সেন্টারব্যাক কাইজার ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। বাঁয়ে রোনালদোরই একসময়কার মিলান-সতীর্থ পাওলো মালদিনি, আর ডানে দীর্ঘদিনের ব্রাজিল-সতীর্থ কাফু।

তবে সবচেয়ে বড় চমক আছে গোলপোস্টের নিচে। লেভ ইয়াসিন, দিনো জফ, গর্ডন ব্যাঙ্কস বা এই আমলের ইকার ক্যাসিয়াস বা জিয়ানলুইজি বুফনরাও নন, রোনালদোর প্রথম পছন্দ অ্যাটলেটিকো বিলবাওয়ের সাবেক গোলরক্ষক হোসে ইরিবার। ১৯৬৪ সালে স্পেনের হয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নিশপ জিতেছিলেন। তবে রোনালদোর তালিকায় থাকাটা ইরিবার নিজেও বোধ হয় কল্পনা করতে পারেননি! মেইল অনলাইন।
রোনালদোর একাদশ
গোলরক্ষক: হোসে ইরিবার। রক্ষণভাগ: ফ্রাঞ্জ বেকেনবাওয়ার, পাওলো মালদিনি, কাফু। মধ্যমাঠ: জাভি, জিনেদিন জিদান, ডিয়েগো ম্যারাডোনা, ইয়োহান ক্রুইফ। আক্রমণভাগ: লিওনেল মেসি, পেলে, আলফ্রেডো ডি স্টেফানো।