রোনালদোয় প্রেরণা!

লিওনেল মেসির শহর রোজারিওতেই জন্ম। এই তরুণও ফুটবলার। না, আর্জেন্টাইন মহাতারকার সঙ্গে তাঁর তুলনা হচ্ছে না। অ্যাঞ্জেল কোরেয়া খবরে এলেন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদে নাম লিখিয়ে। আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দলের এই মিডফিল্ডার গত বছর জুনে যোগ দেন স্প্যানিশ ক্লাবটিতে। কিন্তু স্বাস্থ্যপরীক্ষার সময়ই ধরা পড়ে তাঁর অনিয়মিত হৃৎস্পন্দন। অস্ত্রোপচারের পর সুস্থ হয়ে ফেরার পরই গত শুক্রবার অ্যাটলেটিকো সংবাদমাধ্যমের সামনে পরিচয় করিয়ে দেয় এই প্রতিশ্রুতিশীল ফুটবলারকে। প্রশ্ন হলো শারীরিক এই সমস্যা নিয়ে কি কোরেয়া প্রতিশ্রুতিকে রূপ দিতে পারবেন পরিণতিতে?
ফুটবল মাঠে হৃদ্রোগে মৃত্যুর ঘটনা কম নয়। স্প্যানিশ ফুটবলেই রয়েছে সাম্প্রতিক দুটি উদাহরণ—সেভিয়ার আন্তোনিও পুয়ের্তো কিংবা এসপানিওলের দানি জার্কের মৃত্যু। তবে কোরেয়া প্রেরণা খুঁজে পাবেন হাতের কাছেই। সেই নামটি ক্রিস্টিয়ানো রোনালদো! মাত্র ১৫ বছর বয়সে এই রোগে আক্রান্ত ‘টিআর সেভেন’ অস্ত্রোপচার শেষে ফিরে এসেছেন মাঠে...পরেরটুকু তো ইতিহাস!
দেখা যাক, কোরেয়া তাঁর ফুটবল ক্যারিয়ারকে কতটা আলোকিত করতে পারেন! মার্কা।