রোনালদোয় ভাসা, রোনালদোয় ডোবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টানা চার ইউরোয় গোল করা প্রথম ফুটবলার রোনালদো  l এএফপি
টানা চার ইউরোয় গোল করা প্রথম ফুটবলার রোনালদো l এএফপি

দিনটা শুরু করেছিলেন পর্তুগিজ এক টিভি সাংবাদিকের মাইক্রোফোন লেকের পানিতে ছুড়ে ফেলে, শেষ করেছেন সংবাদ সম্মেলনে সাংবাদিকদের উপেক্ষা করে। ম্যাচের আগে-পরের এই বিতর্কের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর ৯০ মিনিটের বীরত্ব দেখেছে লিওঁর স্টেডিয়াম। হাঙ্গেরির সঙ্গে পর্তুগালের ৩-৩ গোলে ড্র ম্যাচে পরশু নিজে দুই গোল করেছেন, করিয়েছেন আরও একটি। একাই তো দলকে তুলে নিলেন ইউরোর শেষ ষোলোতে!
বীরত্বের সমান্তরালে বয়ে চলা বিতর্ক—এই দুই ভিন্ন অনুভূতিই এবারের ইউরোতে পর্তুগিজ অধিনায়ককে পুরোপুরি ব্যাখ্যা করে। রোনালদোই যেন টুর্নামেন্টে পর্তুগালের সমস্যা, ভরসাও।
টুর্নামেন্টের প্রথম দুই ম্যাচে গোল পাননি। প্রথম ম্যাচে আইসল্যান্ডকে কূপমণ্ডূক বলে উল্টো নিজে পড়েন তোপের মুখে। অস্ট্রিয়ার সঙ্গে দ্বিতীয় ম্যাচে পেনাল্টি নষ্ট করায় তো আরও সমালোচনা—রোনালদোই কেন সব ‘স্পট কিক’ নেন? বড় টুর্নামেন্টে পরশু পর্যন্ত ৪০টি ফ্রি-কিক নিয়েও গোল পাননি পর্তুগিজ ফরোয়ার্ড। পরশু ম্যাচের পর কোচ ফার্নান্দো সান্তোস অবশ্য তাঁর মহাতারকা খেলোয়াড়টিকেই সমর্থন করেছেন, ‘রোনালদোই সব ফ্রি-কিক ও পেনাল্টি নেবে।’
কোচের পর বাকি সব সমালোচনার জবাব রোনালদো নিজেই দিয়েছেন হাঙ্গেরি ম্যাচে। জবাব দিয়েছেন পারফরম্যান্সে। হারলে ইউরোর গ্রুপ পর্ব থেকেই বিদায়, এমন সমীকরণের ম্যাচে তিনবার পিছিয়ে পড়ে দল। বড় প্রয়োজনের সেই সময়টিতে পর্তুগালকে ভাসিয়ে রাখেন অধিনায়ক। নানিকে দিয়ে প্রথম গোলটি করানোর পর দুর্দান্ত ব্যাক-ফ্লিকে করা দলের দ্বিতীয় ও তাঁর প্রথম গোলটি তো বিস্ময়কর। ওই গোলটি দিয়েই প্রথম খেলোয়াড় হিসেবে টানা চার ইউরোতে গোল করার রেকর্ড গড়েছেন ৩১ বছর বয়সী ফরোয়ার্ড।
ফার্নান্দো সান্তোসের কণ্ঠে স্বাভাবিকভাবেই দলের কোহিনূরটির প্রশংসা, ‘ক্রিস্টিয়ানো এমনই। ও একজন জাত বিজয়ী। আর ও গোল করতে জানে, গোলেই বাঁচে।’ শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার মুখোমুখি হওয়ার আগে এই গোল দুটির মাহাত্ম্যও পর্তুগিজ কোচের কাছে অনেক বেশি, ‘এটা ওর আত্মবিশ্বাস অনেক বাড়িয়ে দেবে।’ এএফপি।
সেই ম্যাচে রোনালদোকে সমস্যা নয়, ভরসা হিসেবেই চাইবে পর্তুগাল।