রোনালদোয় মন্ত্রমুগ্ধ সোনার ছেলে হরলান্ড

ফুটবলের ‘গোল্ডেন বয়’ হরলান্ডছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিফা বেস্ট বা ব্যালন ডি'অরের মতো মাতামাতি হয়তো হয় না গোল্ডেন বয় পুরস্কার নিয়ে। তবু বছরের সেরা তরুণ ফুটবলারের নামটি নিয়ে আগ্রহ থাকে সবার। ভবিষ্যতে কারা শাসন করবে, তার ইঙ্গিত যে পাওয়া যায় এখানেই। বেশ কিছু নাম হয়তো প্রত্যাশা পূরণ করতে পারেনি কিন্তু মেসি, রুনি, আগুয়েরো বা ফেব্রিগাসরা কিন্তু এ পুরস্কার দিয়েই আগমনী বার্তা পাঠিয়েছিলেন।

এ বছর অবশ্য গোল্ডেন বয় কে জিতবেন, সেটা জানাই ছিল। ২০২০-এর জানুয়ারিতে বরুসিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়ার পর থেকেই যে গোলবন্যা বইয়ে দিয়েছে, তাতে এ পুরস্কার আরলিং হরলান্ড ছাড়া আর কারও হাতে মানাত না। নরওয়েজিয়ান স্ট্রাইকারের হাতেই উঠেছে পুরস্কার। সেরা তরুণ ফুটবলার হয়ে এবার সেরাদের সেরা হওয়ায় নজর দিয়েছেন হরলান্ড। জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও ইব্রাহিমোভিচে মন্ত্রমুগ্ধ থাকার কথাও।

বাবার সঙ্গে হরলান্ড।
ছবি: টুইটার

গত মৌসুমেই সাড়া ফেলে দিয়েছিলেন হরলান্ড। সালজবুর্গের হয়ে লিগে ১৪ ম্যাচে ১৬ গোল করেছেন। আর চ্যাম্পিয়নস লিগে প্রথম ম্যাচেই করেছিলেন চার গোল। গ্রুপ পর্বে ৮ গোল করা এই স্ট্রাইকারকে দলে পেতে চেয়েছিল ৪০টি ক্লাব। শেষ পর্যন্ত ডর্টমুন্ডকেই পছন্দ হয়েছে তাঁর।

সালজবুর্গের জার্সিতে যা করেছেন তাতেই গোল্ডেন বয়ের মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু জোয়াও ফেলিক্স, বর্তমান ক্লাব সতীর্থ জাডোন সাঞ্চো গত বছর এত দুর্দান্ত খেলেছেন যে চতুর্থ হয়েই সন্তুষ্ট হতে হয়েছে হরলান্ডকে। এবার কাউকে সুযোগ দেননি। বার্সেলোনা ও স্পেনের হয়ে একের পর এক রেকর্ড গড়েছেন আনসু ফাতি, ওদিকে বায়ার্ন মিউনিখের হয়ে ট্রেবল জিতেছেন আলফন্স ডেভিস। কিন্তু ক্লাবের জার্সিতে ৩২ ম্যাচে ৩৩ গোল আর দেশের হয়ে ৫ ম্যাচে হরলান্ডের ৬ গোল নিশ্চিত করে দিয়েছে এবারও কোনো প্রতিদ্বন্দ্বিতা হবে না গোল্ডেন বয় নিয়ে।

লিগে এখন পর্যন্ত প্রতি ৭৪ মিনিটে এক গোল করা হরলান্ড আদর্শ মানেন রোনালদো ও ইব্রাহিমোভিচকে। এ বছর শীর্ষ পাঁচ লিগে হরল্যান্ডের (২৩) চেয়ে বেশি গোল শুধু লেবানডফস্কি (২৮) ও রোনালদোর (২৭)। অবশ্য ইব্রাও খুব পিছিয়ে নেই। ৩৯ বছর বয়সেও সিরি ‘আ’তে ১৯ গোল করেছেন ইব্রা। পুরস্কার জয়ের পর এ দুজনকে নিয়ে হরলান্ডের মুগ্ধতা টের পাওয়া গেল আরেকবার, ‘দুই চ্যাম্পিয়ন, দুই ফেনোমেনা। তাঁদের টিভিতে দেখে মন্ত্রমুগ্ধ থাকতাম। আমার মতো অনেক ফুটবলারেরই আদর্শ তাঁরা। এত বছর ধরে শীর্ষ পর্যায়ে খেলছেন, অনুকরণ করার জন্য তাঁরা সবার উদাহরণ।’

গোল্ডেন বয় পুরস্কার হাতে হরলান্ড।
ছবি: টুইটার

চোট আপাতত মাঠের বাইরে রাখছে হরলান্ডকে। তাঁর দল ভুগছে এ সময়টায়। ঘরের মাঠে স্টুটগার্টের কাছে ৫-১ গোলে হেরে চাকরি খুইয়েছেন কোচ লুসিয়েন ফাভ্রে। শিরোপার জন্য নিজের আকাঙ্ক্ষার কথা বারবার জানানো হরলান্ডের ভবিষ্যৎ নিয়ে তাই সন্দেহ জাগছে, ডর্টমুন্ড আর কদিন তাঁকে ধরে রাখতে পারবে? ‘আমার ভবিষ্যৎ? আমি বরুসিয়া ডর্টমুন্ডে সুখী। আমি ফ্রাভ্রের সঙ্গে দারুণ এক বছর কাটিয়েছি এবং তাঁকে ধন্যবাদ দিতে চাই।’

তবে উচ্চাকাঙ্ক্ষার কথাও জানিয়ে দিয়েছেন হরলান্ড, ‘অবশ্যই চ্যাম্পিয়নস লিগ জেতা আমার অনেক বড় এক স্বপ্ন। আমি ডর্টমুন্ডে শিরোপা জিততে চাই। বায়ার্ন মিউনিখ এখন বিশ্বের সেরা দল এবং ওদের হারাতে আমাদের আরও ভালো হতে হবে। আমরা আমদের সর্বস্ব দিয়ে চেষ্টা করব।’