রোনালদোয় মুগ্ধ জিদান
একই কাজ বারবার করতে থাকলে একঘেয়েমিই চলে আসার কথা! উত্তরটা জিনেদিন জিদানের কাছ থেকে জানা যেতে পারে। রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার পর থেকে তিনিও তো এটাই করে যাচ্ছেন—ক্রিস্টিয়ানো রোনালদোর প্রশংসা। কিন্তু একঘেয়েমি বা ক্লান্তি দূরের কথা, জিদান বরং আরও প্রশংসা করতে পারলেই খুশি।
কয়েক দিন আগেই বায়ার্ন মিউনিখের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালটা পুরো রোনালদোময় হয়ে গিয়েছিল। সেই রেশ মিলিয়ে না যেতেই পরশু অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে সেমিফাইনালের প্রথম লেগটাও নিজের করে নিলেন পর্তুগিজ উইঙ্গার। কোয়ার্টার ফাইনালে বায়ার্নের বিপক্ষে ৬-৩ ব্যবধানের জয়ে রোনালদো একাই করেছিলেন ৫ গোল। পরশু বার্নাব্যুতে করলেন আরও তিনটি। ম্যাচের পর রিয়াল কোচ জিদানের সংবাদ সম্মেলনও তাই প্রায় পুরোটাই রোনালদোময়। প্রশ্নের উত্তর দিতে দিতে জিদানও যেন রোনালদোর একনিষ্ঠ ভক্ত, ‘গোল করার দক্ষতাই তাকে অন্যদের চেয়ে আলাদা করে দিয়েছে। এ কারণেই সে অনন্য। শুধু এই বছর বা এর আগের বছর নয়, দিনের পর দিন সে এটা করে যাচ্ছে। ও জানে কখন কী করতে হবে। ও দারুণ বুদ্ধিদীপ্ত খেলোয়াড়।’
রোনালদো অবশ্য দুর্দান্ত এ জয়ের কৃতিত্ব ভাগাভাগি করে দিয়েছেন সতীর্থদের। তবে সতীর্থদের একজন টনি ক্রুস কিন্তু মনে করেন প্রশংসাটা রোনালদোর একারই প্রাপ্য, ‘ওর মতো একজন খেলোয়াড় দলে থাকা দারুণ ব্যাপার। আপনার দলের রক্ষণভাগ ভালো হতে পারে, মিডফিল্ড শক্তিশালী হতে পারে, কিন্তু দিন শেষে আপনার এমন একজনকে লাগবে যে গোল করে ম্যাচ জেতাবে। রোনালদো সেটাই করে যাচ্ছে।’
রিয়াল ফাইনালে এক পা দিয়ে রেখেছে বলেই ধরে নেওয়া যায়। ওদিকে লা লিগায়ও প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে কিছুটা সুবিধাজনক অবস্থানে জিদানের দল। সব মিলিয়ে ১৯৫৮ সালের পর এই প্রথম ডাবল জেতার হাতছানি। জিদান অবশ্য এখনই অত দূর ভাবতে রাজি নন, ‘এখনো অনেক পথ বাকি। শনিবার লা লিগায় গ্রানাডার সঙ্গে ম্যাচ। এরপর অ্যাটলেটিকোর বিপক্ষে ফিরতি লেগ। আপাতত এই ম্যাচগুলো নিয়েই ভাবছি।’ ইএসপিএন।