রোনালদো-বেলে জয় রিয়েলের

কোপা ডেলরেতে ব্যর্থতার পর দর্শকের কাছে ক্ষমা চেয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। ব্যর্থতার স্মৃতি খুব বেশিদিন মনে রাখতে নেই। রোনালদোও রাখেননি। দুদিন পরই স্বরূপে ফিরেছেন। আজ রোববার লা লিগায় পর্তুগিজ উইঙ্গারের সঙ্গে জ্বলে উঠেছেন গ্যারেথ বেলও। রোনালদো-বেল জাদুতে গেটাফের বিপক্ষে রিয়াল মাদ্রিদ পেয়েছে ৩-০ গোলের জয়।
গেটাফের মাঠে প্রথম গোলের জন্য রিয়ালকে অপেক্ষা করতে হয় ৬৩ মিনিট। করিম বেনজেমার দুর্দান্ত এক পাসে গোলের খাতা খোলেন রোনালদো। ম্যাচের পর তাই কোচের বাহবা পেলেন বেনজেমা। চার মিনিট পরেই হামেস রদ্রিগেজের ক্রস বাঁ পায়ের আলতো টোকায় স্কোরলাইন ২-০ করে ফেলেন বেল। ৭৯ মিনিটে আবারও রদ্রিগেজের ক্রস। এবার দারুণ হেডে প্রতিপক্ষের জালে বল জড়িয়ে দেন রোনালদো। এরই মধ্যে মৌসুমে ৩৬ গোল করে ফেললেন রোনালদো।
রিয়াল কোচ কার্লো আনচেলত্তি বললেন, ‘এটা ঠিক খেলার শুরুতে আমার গতিময় খেলা খেলতে পারিনি। শুরুটা কিছুটা মন্থর ছিল। তবে দলের পারফরম্যান্স ভালো লেগেছে। দল বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। প্রথমার্ধের চেয়ে দ্বিতীয়ার্ধ অনেক ভালো খেলেছে। তবে আমাদের জয়ের দুয়ার খুলে দিয়েছে করিমের ওই পাসটা। ওটা ছিল দুর্দান্ত।’
লিগে ১৮ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল, সমানসংখ্যক ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে দুয়ে আছে বার্সেলোনা।