রোনি আবারও বার্সায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো
রোনালদিনহো

তাঁর হাত ধরেই শুরু হয়েছিল বার্সেলোনার এখনকার সাফল্যযাত্রা। একবিংশ শতাব্দীর আগে-পরে বছর কয়েক যখন অন্ধকার এক সময় কাটছিল কাতালান ক্লাবটির, সেখানে আলোর ছটা এনে দিয়েছিলেন রোনালদিনহো। ক্লাবে ছিলেন মাত্র পাঁচ বছর, কিন্তু তাতেই বার্সেলোনা ছাপিয়ে পুরো বিশ্বকেই নিজের পায়ের জাদুতে মোহাবিষ্ট করে দেন ব্রাজিলিয়ান জাদুকর। বার্সেলোনা সমর্থকদের প্রিয় সেই ‘রোনি’ই আবার ক্লাবে ফিরে এসেছেন। তবে এবার আর সবুজ মাঠে নয়, রোনালদিনহো বার্সার প্রতিনিধিত্ব করবেন শীতাতপ নিয়ন্ত্রিত অফিসে বসে, ক্লাবের শুভেচ্ছাদূত হিসেবে।
বিশ্বব্যাপী ক্লাবের আবেদন বাড়াতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আগামীকাল একটি অফিস খুলতে যাচ্ছে বার্সেলোনা। উদ্দেশ্য, শুধু ফুটবল ক্লাব নয়, একটি ব্র্যান্ড হিসেবে উত্তর আমেরিকা অঞ্চলের মানুষের কাছে বার্সেলোনা নামটি পৌঁছে দেওয়া।
অনেকের চোখে ইয়োহান ক্রুইফের পর বার্সেলোনার ইতিহাসে রোনালদিনহোই সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, যিনি বাইরে থেকে এসে ক্লাবের ইতিহাসই বদলে দিয়েছেন। ২০০৩ সালে সাফল্যখরায় ভুগতে থাকা বার্সায় এসে সমর্থকদের মুখে হাসি ফোটান সদা হাস্য এই ব্রাজিলিয়ান।
বয়স হয়ে গেছে ৩৬। সেই জাদু হয়তো এখনো হারিয়ে যায়নি, তবে পেশাদার পর্যায়ে খেলার মতো ফিটনেস আর নেই। গত বছরের সেপ্টেম্বরের পর থেকে আর ক্লাব পাননি। নতুন ভূমিকাতেই তাই পুরোনো ক্লাবে ফিরলেন রোনি। গোলডটকম।