রোনিকে টেনেছে দুই প্রেম

ফুটবল তাঁর প্রথম প্রেম। কিন্তু আরেকটাও প্রেমও আছে। সেটি নিজের উদ্দাম জীবনের প্রতি ভালোবাসা। নৈশজীবন, বন্ধুদের সঙ্গে তরলের গরল আড্ডা, সুন্দরী সঙ্গিনী—এই না হলে সেটা আবার কেমন জীবন!
আর এই দুই প্রেমের টানেই অন্য অনেক প্রস্তাব ফিরিয়ে দিয়ে শেষ পর্যন্ত মেক্সিকোতে রোনালদিনহো। খেলবেন মেক্সিকান ক্লাব কেরেতারোর হয়ে। শুধু খেলবেনই না, জিতবেন আবার নিজের মতো করে জীবনটাকেও উপভোগ করবেন। কেরেতারোর হয়ে প্রথম সংবাদ সম্মেলনেই তাই রোনালদিনহোর সাহসী উচ্চারণ, ‘আমার জীবনযাপনের একটা ধরন আছে এবং আমি সেটা কখনো বদলাই না। আর যে দলেই হয়েই খেলেছি সেখানেও চ্যাম্পিয়ন হয়েছি। এখানেও তা-ই করব। শিরোপা এবং নারীদের মন জিততেই আমি এখানে এসেছি।’
যাওয়ার কথা ছিল অবশ্য আরও আগেই। সেটা হলে অবশ্য পরশু পুয়েবলার বিপক্ষে লিগের ম্যাচটাতেই খেলতে পারতেন। কিন্তু কার্যানুমতি-সংক্রান্ত জটিলতায় তা আর হয়নি। কিন্তু দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে পরিচয় করিয়ে দেওয়া হতে পারে—শুধু এটা জানার পরই ৩৮ হাজার ধারণক্ষমতার কেরেতারো স্টেডিয়ামের সব টিকিটই বিক্রি হয়ে যায়। সমর্থকদের নিরাশ করেননি ক্লাব কর্তারা। খেলার বিরতির সময় রোনালদিনহোকে মাঠে আনা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কেরেতারোর খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার পর তুলে দেওয়া হয়েছে ক্লাবের ৪৯ নম্বর জার্সিটিও। পরে এক সংবাদ সম্মেলনে রোনি ব্যাখ্যা করেছেন মেক্সিকান এই ক্লাবটিকে বেছে নেওয়ার কারণ, ‘আমি মেক্সিকোর ফুটবলের সঙ্গে পরিচিত। আমার ভাই এখানে খেলেছে। আমার অনেক বন্ধু আছে যারা এখানে খেলে গেছে এবং খেলছে। বিশ্বের অনেক ক্লাব থেকেই প্রস্তাব এসেছে। কিন্তু আমি এখানেই আসতে চেয়েছি। আর এদের সঙ্গে আমার কথাবার্তাও মিলেছে।’
ব্রাজিলের বেবেতো, স্পেনের পেপে গার্দিওলা, চিলির ইভান জামোরানো কিংবা জার্মানির বার্নড শুস্টারের মতো অনেক বিখ্যাত ফুটবলারই ক্যারিয়ারের সায়াহ্নে মেক্সিকান লিগে খেলেছেন। তবে ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়া কোনো খেলোয়াড় এই প্রথম খেলবেন মেক্সিকোতে, সেটাও লিগে আট নম্বরে থাকা একটা দলের হয়ে! বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, কোপা আমেরিকা, কোপা লিবার্তাদোরেস, লা লিগা, সিরি ‘আ’ কী জেতেননি জীবনে! জেতার আর বেশি কিছু বাকি নেই বলেই কি এই নতুন চ্যালেঞ্জ? ব্রাজিল ফরোয়ার্ড বলছেন, ‘আমি মেক্সিকোতেও কিছু একটা জিততে চাই। নিজেকে আমার আবার তরুণ খেলোয়াড়ের মতো মনে হচ্ছে, যে নতুন স্বপ্ন নিয়ে নতুন করে শুরু করতে যাচ্ছে।’
৩৪ বছর বয়সে এই নতুন স্বপ্নটা কি আসলেই পূরণ হবে রোনালদিনহোর? এএফপি, মার্কা।
সংখ্যায়
ক্লাব ক্যারিয়ার
৭
কেরেতারো পেশাদার ক্যারিয়ারের সপ্তম ক্লাব।
৫
এই নিয়ে পাঁচটি দেশের লিগে খেলছেন। মেক্সিকো আসার আগে ব্রাজিল ছাড়াও খেলেছেন ফ্রান্স, স্পেন ও ইতালিতে।
৫
সবচেয়ে বেশি পাঁচ বছর খেলেছেন বার্সেলোনায়।
২
লিগ জিতেছেন দুটি ক্লাবের হয়ে—বার্সেলোনা (২০০৪-০৫, ২০০৫-০৬) ও এসি মিলান (২০১০-১১)।
১
চ্যাম্পিয়নস লিগ জিতেছেন একবার, ২০০৫-০৬ মৌসুমে বার্সেলোনায়।