প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রোনালদিনহো মেক্সিকোতে গেছেন কেরেতারোর হয়ে ‘শিরোপা আর নারীদের মন জিততে’। ব্রাজিলিয়ান মিডফিল্ডার এর মধ্যেই মেক্সিকানদের সহানুভূতি পেতে শুরু করেছেন। ফেসবুকে তাঁকে নিয়ে বর্ণবাদী মন্তব্য করে সহানুভূতির পথটা খুলে দিয়েছেন স্থানীয় এক রাজনীতিক। কেরেতারোতে তাঁকে পরিচয় করিয়ে দেওয়ার দিন স্টেডিয়ামমুখী মানুষের ঢল নেমেছিল রাস্তায়। সৃষ্টি হয় যানজট। তাতে খেপে গিয়ে কার্লোস ম্যানুয়েল ট্রেভিনো মুনেজ নামের ওই ফুটবল-বিদ্বেষী রাজনীতিক ফেসবুকে স্ট্যাটাস দেন, ‘মানুষের বানের পানির মতো স্টেডিয়ামে যাওয়া এবং পথরোধ করা আমি ঘৃণা করি। এতে আমার বাড়ি যেতে দুই ঘণ্টা লেগেছে। আর এ সবকিছুই হয়েছে একটা বানরের জন্য—ব্রাজিলিয়ান। তবে বানরই বটে।’ কেরেতারো কর্তৃপক্ষ এক বিবৃতিতে ওই রাজনীতিবিদের ‘দৃষ্টান্তমূলক শাস্তি’ দাবি করেছে। এএফপি।