প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোন দুঃখে যে সত্যিটা বলতে গিয়েছিলেন! কত খেলোয়াড়ই তো ইচ্ছে করে পড়ে যায়, কিন্তু স্বীকার করে কজন? আরিয়েন রোবেন এখন বুঝতে পারছেন, ধর্মপুত্র যুধিষ্ঠির না হলেও পারতেন। বিশ্বকাপের সময় মেক্সিকোর সঙ্গে হল্যান্ডের ম্যাচে রোবেন ‘ডাইভ’ দিয়েছিলেন। অন্য কেউ নয়, খোদ ডাচ উইঙ্গারই সেটি স্বীকার করেছিলেন। সেই স্বীকারোক্তির ঠেলা এখন সামলাতে হচ্ছে। রোবেন নাকি এখন ন্যায্য পেনাল্টিই পাচ্ছেন না। পরশু বুন্দেসলিগায় কোলনের সঙ্গে বায়ার্ন মিউনিখের ম্যাচেও এটা হয়েছে। রোবেনকে ফাউল করলেও পেনাল্টি দেননি। এখন তাঁর আফসোস হচ্ছে, ‘বিশ্বকাপে একটা ভুল করে স্বীকার করেছিলাম। এখন রেফারিরা আমাকে সেটারই শাস্তি দিচ্ছেন। কোলনের সঙ্গে একটা ন্যায্য পেনাল্টি পাইনি।’ বেচারা রোবেন! গোলডটকম।