রোমা ছাড়ছেন রোমান সম্রাট?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৩ বছর ধরে এএস রোমার যা কিছু ভালো, তার সঙ্গে জড়িয়ে ফ্রান্সেসকো টট্টির নাম। ইতালিয়ান ক্লাবটির সমার্থকই হয়ে ছিলেন ‘রোমান সম্রাট’। এই কারণেই চমক হয়েই এসেছে খবরটি, রোমা ছাড়তে চাইছেন টট্টি!
দলের মূল অধিনায়ক হয়েও এই মৌসুমে লিগে মাত্র দুটি ম্যাচের প্রথম একাদশে ছিলেন, তিনটিতে নেমেছেন বদলি হিসেবে। কয়েক দিন আগে চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের সঙ্গেও টট্টি মাঠে ছিলেন শেষ তিন মিনিট। এই বিষয়টিই পোড়াচ্ছে ইতালিয়ান কিংবদন্তিকে। গত শনিবার ইতালিয়ান রাই টিভিকে বলেছেন, ‘আমি খেলার দাবি জানাচ্ছি না। কখনো সেটি করিনি, এবারও করব না। জুনে আমার চুক্তি শেষ হয়ে যাচ্ছে। এরপর সবকিছু ভেবে দেখব। এভাবে এখানে থাকতে পারব না আমি।’
বয়স হয়ে গেছে ৩৯। পায়ের চোটে ভুগতে হয়েছে, যদিও সেটি এখন আর নেই। তবে এগুলো ছাপিয়েও এত কম সুযোগ পাওয়ার জন্য কোচের সিদ্ধান্তকেই মূল কারণ হিসেবে দেখছেন টট্টি। নতুন কোচ জুলিয়ানো স্প্যালেত্তির সঙ্গে তাঁর সম্পর্কটা ঠিক ‘সৌহার্দ্যপূর্ণ’ নয়, কুশল বিনিময়ের বাইরে তাঁদের মধ্যে খুব বেশি কথা হয় না বলেও জানিয়েছেন সাক্ষাৎকারে। তবে রোমায় নিজের নায়কোচিত কীর্তির জন্য প্রাপ্য সম্মানটা চাইছেন ইতালিয়ান ফরোয়ার্ড, ‘বেঞ্চে বসে থাকতে খারাপ লাগে। বুঝি, বয়সের কারণে কম খেলতে হবে। কিন্তু এভাবে ক্যারিয়ার শেষ করা মেনে নিতে পারছি না, বিশেষ করে রোমার জন্য আমি যা করেছি।’
তবে কোচের সঙ্গে টট্টির সম্পর্কটা আর উষ্ণ হচ্ছে না। জল্পনা এমন যে গতকাল পালের্মোর ম্যাচের দলে এদিকে তো রাখেনইনি, উল্টো রোমা কিংবদন্তিকে বাড়িতে পাঠিয়ে দিয়েছেন স্প্যালেত্তি! এএফপি।