রোমা-রিয়াল ফাইনালে আগ্রহ থাকত না কারও, ফ্লোরেঞ্জির শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চ্যাম্পিয়নস লিগ থেকে এমন বিদায় মেনে নিতে পারছেন না ফ্লোরেঞ্জি। ছবি: রয়টার্স
চ্যাম্পিয়নস লিগ থেকে এমন বিদায় মেনে নিতে পারছেন না ফ্লোরেঞ্জি। ছবি: রয়টার্স
>
  • সেমিফাইনালে দুই লেগ মিলিয়ে ৭-৬ ব্যবধানে জয়ী লিভারপুল
  • ২৬ মে ফাইনালে কিয়েভের ফাইনালে লিভারপুল খেলবে রিয়াল মাদ্রিদের বিপক্ষে
  • ভিএআর থাকলে ফাইনালের দুই দলই বদলে যেত, দাবি ফ্লোরেঞ্জির

লিভারপুলের বিপক্ষে ৪-২ ব্যবধানের দুর্দান্ত জয়। কিন্তু এমন এক জয়ের পরও হাসিমুখে মাঠ ছাড়তে পারেনি এএস রোমা। দুই লেগে মিলিয়ে স্কোরলাইনটা লিভারপুলের পক্ষেই। রেফারির কিছু প্রশ্নবিদ্ধ সিদ্ধান্ত না হলে ফাইনালে যেতে পারত রোমাও। এ নিয়ে হতাশ দলটি। মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি তো বলেই ফেলেছেন, চ্যাম্পিয়নস লিগে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) ব্যবহৃত হলে এবারের ফাইনাল খেলত বায়ার্ন ও রোমা।

রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউনিখের ম্যাচে বেশ কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ছিল। কাল রোমার মাঠেও দুটো পেনাল্টি সিদ্ধান্ত নিয়ে তর্ক চলছে। রোমার পরিচালক মঞ্চির দাবি প্রথম লেগেও একটি গোল অফসাইড থেকে করেছে লিভারপুল। ফ্লোরেঞ্জির কণ্ঠেও রেফারিং নিয়ে হতাশা, ‘আমরা যা দেখলাম তা খুবই অন্যায়। খুবই কষ্ট পেয়েছি। রেফারি বেশ কিছু ভুল করেছে। প্রথম ম্যাচে ভালো খেলিনি সে দায়টাও আছে। তবে আমরা মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি, আমরা শতভাগ দিয়েছি।’

এরপরই ফ্লোরেঞ্জি দাবি করেছেন, আর্থিকভাবে কিংবা ইউরোপিয়ান ঐতিহ্য অনুয়ায়ীই মানুষ রিয়ালের বিপক্ষে রোমা নয় লিভারপুলকে চাইছিল। তবে সে ফাইনাল নিশ্চিত করতেই এমন রেফারিং করা হয়েছে, এমন কিছুর ইঙ্গিত দিতে রাজি নন ফ্লোরেঞ্জি, ‘লিভারপুল ফাইনালে উঠেছে। আমার মনে হয়, রোমা-রিয়াল মাদ্রিদ ফাইনালের হয়তো অতটা আবেদন থাকত না, আগ্রহ থাকত না। তবে আমি মনে করি না এটা আগে থেকেই ঠিক করা ছিল।’

রেফারির সিদ্ধান্ত নিয়ে সন্দেহ থাকলে সেটা দূর করার জন্য ভিএআর প্রযুক্তি এনেছে ফিফা। তবে উয়েফা এ মৌসুমে সেটা ব্যবহার করছে না। এ নিয়ে রোমার চেয়ারম্যান হতাশা প্রকাশ করেছেন। ফ্লোরেঞ্জি তো আরও এক ধাপ এগিয়ে গেছেন, ‘যদি কিছু বিষয় বদলানো যেত। ভিএআর ১০ সেকেন্ডের মধ্যে সব বলে দেয়। এখানে যদি এ প্রযুক্তি থাকত তবে ফাইনালে রোমা আর বায়ার্ন খেলত।’